বিদায়ী ওয়ানডেতে অ্যালিসা হিলির ঐতিহাসিক সেঞ্চুরি: বিশ্ব রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার ওপেনার
বিদায়ী ওয়ানডেতে অ্যালিসা হিলির বিশ্ব রেকর্ড সেঞ্চুরি

বিদায়ী ওয়ানডেতে অ্যালিসা হিলির ঐতিহাসিক সেঞ্চুরি: বিশ্ব রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার ওপেনার

ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে সেঞ্চুরি করেছেন অ্যালিসা হিলি। ব্যাট হাতে যখন মাঠে প্রবেশ করেছেন, সারি বেধে দু পাশে দাঁড়িয়ে তাঁকে ‘গার্ড অব অনার’ দিয়েছেন ভারতের খেলোয়াড়েরা। আট বিশ্বকাপজয়ী এক খেলোয়াড়ের ক্যারিয়ারের শেষ ওয়ানডে বলে কথা!

তবে বিদায়ী সম্মাননা নিয়ে মাঠে নামার পর তিনি যে ব্যাটিং করলেন, তাতে অস্ট্রেলিয়া তো বটেই, নারী ক্রিকেটকেই যেন আক্ষেপে পোড়ানোর ব্যবস্থা করে গেলেন অ্যালিসা হিলি। আজ হোবার্টে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতে অস্ট্রেলিয়ার এই ওপেনার খেলেছেন ৯৮ বলে ১৫৮ রানের দৃষ্টিনন্দন এক ইনিংস। ক্যারিয়ারের শেষ ওয়ানডেতে এটি নতুন বিশ্ব রেকর্ড।

বিদায়ের ঘোষণা ও শেষ ওয়ানডে

২৪ মার্চ ৩৬ বছর পূর্ণ করতে যাওয়া হিলি গত জানুয়ারিতেই জানিয়েছিলেন ভারত সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। আগামী সপ্তাহে শেষ টেস্ট খেলার আগে আজ ছিল ওয়ানডে থেকে অবসরের পালা। দেড় দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে হিলির ধ্রুপদি ইনিংস কম নেই। আগের ৭ ওয়ানডে সেঞ্চুরির সঙ্গে আজ শেষবেলায় যোগ হয়েছে আরও একটি।

২৭টি চার ও ২টি ছক্কায় সাজানো ইনিংসটিতে গতি বেড়েছে ধীরে ধীরে। ফিফটিতে পৌঁছান ৪৯ বলে, পরের ত্রিশ বলে পূর্ণ করেন সেঞ্চুরি। এরপর ১০০ থেকে ১৫০-এ যেতে লেগেছে মাত্র ১৬ বল। দেড় শয় পৌঁছানোর আগেই অবশ্য পায়ের পেশির টানে অস্বস্তিতে পড়েন তিনি। শেষ পর্যন্ত ৩৭তম ওভারে স্নেহ রানার বলে বোল্ড হয়েছেন ১৫৮-তে।

বিশ্ব রেকর্ডের বিস্তারিত

আউট হওয়ার আগে মেয়েদের ক্রিকেটে শেষ ওয়ানডেতে সর্বোচ্চ রানের রেকর্ড ভেঙে দেন হিলি। ২০০৭ সালে নেদারল্যান্ডসের বিপক্ষে নিজের শেষ ওয়ানডেতে ১৫৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন দক্ষিণ আফ্রিকার জোহমারি লোগটেনবার্গ। ১৯ বছর পর রেকর্ডটা এখন হিলি। ছেলে ও মেয়েদের ক্রিকেট মিলিয়ে হিলির ১৫৮ দ্বিতীয় সর্বোচ্চ।

২০০৮ সালে ছেলেদের ক্রিকেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৬১ রানের ইনিংস খেলেছিলেন নিউজিল্যান্ডের হামেশ মার্শাল। সেটিই ছেলে ও মেয়ে মিলিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস।

ম্যাচের অন্যান্য পরিসংখ্যান

হিলির রেকর্ডের দিনে অস্ট্রেলিয়া ৫০ ওভার ব্যাট করে ৭ উইকেটে ৪০৯ রান করেছে। এটি অস্ট্রেলিয়ার মাটিতে নারী ওয়ানডেতে সর্বোচ্চ, আর ভারতের বিপক্ষে যে কোনো মাঠেই সর্বোচ্চ। রান তাড়ায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারে ১৫৬ রান তুলতে ৭ উইকেট হারিয়েছিল ভারত।

এই অসাধারণ পারফরম্যান্স নারী ক্রিকেটের ইতিহাসে একটি উজ্জ্বল অধ্যায় হিসেবে বিবেচিত হবে। অ্যালিসা হিলির এই বিদায়ী ইনিংস শুধু একটি রেকর্ড নয়, বরং ক্রিকেটপ্রেমীদের জন্য একটি অবিস্মরণীয় স্মৃতি হয়ে থাকবে।