সংবাদ সম্মেলনে নাজমুল হোসেনের বিনয় যেন মাঠের পারফরম্যান্সের মতোই উজ্জ্বল। পাকিস্তানের বিপক্ষে মিরপুর টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি, দ্বিতীয় ইনিংসে ৮৭ রান করে ম্যাচসেরা হয়েছেন তিনি। জয়ী দলের অধিনায়কও তিনি। তবে এত অর্জনের পরও মাটিতে পা রেখেছেন বাংলাদেশ অধিনায়ক। এর প্রমাণ মিলল সংবাদ সম্মেলনে। স্যার ডন ব্র্যাডম্যান ও জর্জ হেডলির সাথে তাঁর তুলনা প্রসঙ্গে নাজমুলের উত্তর শোনা যাক।
ফিফটি-সেঞ্চুরি রূপান্তরে নাজমুল
ফিফটিকে সেঞ্চুরিতে অনূদিত করার সামর্থ্যে সম্প্রতি নাজমুলের সাথে ব্র্যাডম্যান ও হেডলির তুলনা এসেছে। ফিফটিকে সেঞ্চুরিতে রূপান্তরের তালিকায় নাজমুল বসে আছেন স্যার ডন ব্র্যাডম্যান ও জর্জ হেডলির পরই। তাদের মতো নাজমুলের ফিফটি মানেই সেঞ্চুরি!
পরিসংখ্যান
স্যার ডন ব্র্যাডম্যান টেস্টে ৬৯ শতাংশ ফিফটিকেই সেঞ্চুরিতে রূপ দিতে পেরেছেন। ৪২টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসে তাঁর সেঞ্চুরি ২৯টি। জর্জ হেডলির ১৫টি পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংসের মধ্যে সেঞ্চুরি ১০টি, শতাংশের হিসাবে ৬৬.৭০। নাজমুলের ক্ষেত্রে এটি ৬০ শতাংশ, ১৫টি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের ৯টিকেই সেঞ্চুরিতে রূপান্তর করতে পেরেছেন তিনি।
নাজমুলের বিনয়ী উত্তর
সংবাদ সম্মেলনে প্রসঙ্গটা উঠতেই বিনয়ের হাসি হেসে নাজমুলের আত্মসমর্পণ, 'আপনি যে দুইটা নামের কথা বলেছেন, তা আমার সঙ্গে যায় না একদম। মানে মাফ করে দেন আমাকে।'
নাজমুলের সেঞ্চুরি করার শতাংশে উন্নতি হতে পারত আরও। আজ তিনি ৮৭ রানে আউট হয়েছেন। আজ সেঞ্চুরিটা হয়ে গেলে তিনবার টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করার বিশ্ব রেকর্ডে ভাগ বসাতেন তিনি। এই কীর্তি আছে সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নারের।
আরও পড়ুন
- পাকিস্তানকে বলে কয়ে হারাল বাংলাদেশ
- পাকিস্তানের বিপক্ষে জয়ের হ্যাটট্রিক, নাহিদ রানার কীর্তি, মিরপুরে যত রেকর্ড



