ইংল্যান্ডের এক টেস্ট পরিকল্পনায় ক্ষুব্ধ ম্যাথুস
ইংল্যান্ডের এক টেস্ট পরিকল্পনায় ক্ষুব্ধ ম্যাথুস

বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিপক্ষে একটি করে টেস্ট খেলার পরিকল্পনা করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। অন্যান্য সফরগুলোর জন্য বেশি সময় বের করার উদ্দেশ্যেই এই পরিকল্পনা করছে তারা। এমন খবর সামনে আসার পর ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন লঙ্কান অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুস। টেস্ট ক্রিকেট বড় দল, ছোট দল বলে কিছু নেই উল্লেখ করে ম্যাথুস বলেন, ‘আমাদের কারোর সঙ্গে একটিমাত্র টেস্ট খেলা উচিত নয়! যদি কোনো দেশ একটার বেশি খেলতে না চায়, তবে তা–ই হোক। বড় দল বলতে কিছু নেই, সব টেস্ট খেলুড়ে দেশের মর্যাদা সমান।’

ইসিবির নতুন ভাবনা

সম্প্রতি ইংলিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানিয়েছে, আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সমতার নীতি থেকে সরে আসার কথা ভাবছে ইসিবি। টেস্ট চ্যাম্পিয়নশিপের সামনের চক্র থেকে মাত্র এক টেস্টের সিরিজ যুক্তের কথা ভাবছে ইংল্যান্ড। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে দীর্ঘ কয়েক দশক পর পাঁচ টেস্টের সিরিজ খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা করছে তারা। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রতিটি সিরিজের জন্য ১২০ পয়েন্ট করে বরাদ্দ। দুটি দলের সিরিজে সর্বনিম্ন দুটি করে টেস্ট খেলতে হয়। তবে দলগুলো নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে দুইয়ের বেশি টেস্টও খেলতে পারে। সে ক্ষেত্রে ম্যাচপ্রতি পয়েন্ট ভাগ হয়ে যায়। প্রতি ম্যাচে জয়ের পয়েন্ট কমে গেলেও ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতের মতো দলগুলো নিজেদের মধ্যে চার থেকে পাঁচ টেস্টের সিরিজ খেলে থাকে। ইসিবি এখন পাকিস্তান ও প্রোটিয়াদের সঙ্গেও লম্বা সময় ধরে টেস্ট সিরিজ খেলতে চায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ম্যাথুসের প্রতিক্রিয়া

বাণিজ্যিকভাবে আরও লাভজনক হওয়ার ভাবনা থেকে শ্রীলঙ্কা, বাংলাদেশের মতো দলগুলোর বিপক্ষে মাত্র এক টেস্টের সিরিজের চিন্তা করায় ম্যাথুস ক্ষুব্ধ। তিনি বলেন, ‘একই চ্যাম্পিয়নশিপ চক্রে এক দল ২০টি ম্যাচ খেলবে আর অন্য দল ১০টি, এটা হতে পারে না! রাজস্ব তৈরি করা আর টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখা—দুটি আলাদা বিষয়, দুটিকে গুলিয়ে ফেলা উচিত নয়।’ দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রথমবারের মতো একক টেস্ট ম্যাচগুলোকেও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত করা হচ্ছে। বর্তমানে চ্যাম্পিয়নশিপ স্ট্যাটাসের জন্য কমপক্ষে দুটি টেস্টের সিরিজের প্রয়োজন। ইসিবির ভাবনা বাস্তবায়িত হলে ১৯৯৬-৯৭ মৌসুমের পর প্রথমবার জিম্বাবুয়েতে ইংল্যান্ড একটি ম্যাচ খেলার কথা বিবেচনা করছে। আগামী টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে একক টেস্টের সিরিজ অন্তর্ভুক্ত করার পাশাপাশি দলসংখ্যা ১২টিও করা হতে পারে। বর্তমানে ৯টি দল খেলছে চ্যাম্পিয়নশিপে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ