মিরপুর টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস ৪১৩ রানে শেষ
মিরপুর টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংস ৪১৩

মিরপুর টেস্টের প্রথম দিনে দাপট দেখিয়েছিল বাংলাদেশ। তবে দ্বিতীয় দিনের প্রথম সেশনেই তিন উইকেট হারায় স্বাগতিকরা। একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান মুশফিকুর রহিম। তবে দ্বিতীয় সেশনে দাঁড়াতেই পারেনি টাইগার ব্যাটাররা। শেষ দিকে ১৯ বলে ২৮ রানের ছোট্ট ক্যামিও খেলেন তাসকিন আহমেদ। এতেই প্রথম ইনিংসে ৪১৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।

দ্বিতীয় দিনের শুরুর লড়াই

শনিবার (৯ মে) মুশফিক ৪৮ ও লিটন দাস ৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেন। সকালের শুরুটা বেশ ভালোই করেন এই দুই ব্যাটার। টেস্ট ক্যারিয়ারের ২৯তম ফিফটি তুলে নেন মুশফিক। তবে দলীয় ৩৩৮ রানে ৬৭ বলে ৩৩ রান করে আউট হন লিটন। তার বিদায়ের পর ক্রিজে আসা মেহেদী হাসান মিরাজও সুবিধা করতে পারেননি। মাত্র ১০ রান করে ফিরে যান সাজঘরে।

মুশফিকের প্রতিরোধ ও পতন

এরপর তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মুশফিক। তবে লাঞ্চে যাওয়ার আগে তাইজুলকে হারায় বাংলাদেশ। ২৩ বলে ১৭ রান করে ফিরে যান তিনি। মধ্যাহ্ন বিরতি থেকে ফেরার পর পরই আউট হন মুশফিক। দলীয় ৩৮০ রানে ১৭৯ বলে ৭১ রান করে ফিরে যান তিনি। মুশফিকের বিদায়ের পর রানের খাতা খোলার আগেই আউট হন এবাদত হোসেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তাসকিনের ক্যামিওতে চারশ পেরোনো

শেষ দিকে তাসকিন আহমেদের ১৯ বলে ২৮ রানের ক্যামিওতে চারশ পেরোয় বাংলাদেশ। এতে ৪১৩ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। পাকিস্তানের পক্ষে মোহাম্মদ আব্বাস নিয়েছেন পাঁচটি উইকেট।

প্রথম দিনের সেঞ্চুরি

এর আগে মিরপুর টেস্টের প্রথম দিনে সেঞ্চুরির দেখা পান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ১৩০ বলে ১০১ রান করেন তিনি। ১২টি চার ও ২টি ছক্কা হাঁকান টাইগার অধিনায়ক। এছাড়া ৯১ রান করে আউট হন মুমিনুল হক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ