বিশ্বকাপের আগে ফিফার নিয়ম পরিবর্তন, সুবিধা পেল আর্জেন্টিনা
বিশ্বকাপের আগে ফিফার নিয়ম পরিবর্তন, সুবিধা পেল আর্জেন্টিনা

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩২ দিন বাকি। ঠিক এই মুহূর্তে এসে বড় একটি সিদ্ধান্ত নিয়েছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। বাছাই পর্বের লাল কার্ড ও হলুদ কার্ড জমে নিষেধাজ্ঞায় পড়া খেলোয়াড়দের সেই শাস্তি বিশ্বকাপে আর বহন করা হবে না। শুক্রবার এই ঘোষণা দিয়ে ফিফা জানিয়েছে, এই পরিবর্তনের মূল লক্ষ্য বিশ্বকাপে সব দল যেন তাদের সেরা স্কোয়াড নিয়ে মাঠে নামতে পারে।

নতুন নিয়মে কী সুবিধা পেল দলগুলো?

ফিফার বিবৃতিতে বলা হয়েছে, ‘একক হলুদ কার্ড এবং এক বা দুই ম্যাচের মুলতবি নিষেধাজ্ঞা চূড়ান্ত প্রতিযোগিতায় বহন করা হবে না।’ এর ফলে আর্জেন্টিনা, ইকুয়েডর ও কাতারের মতো দেশের খেলোয়াড়রা সরাসরি উপকৃত হয়েছেন।

আর্জেন্টিনার ওতামেন্দির সুবিধা

আর্জেন্টিনার অভিজ্ঞ ডিফেন্ডার নিকলাস ওতামেন্দি গত সেপ্টেম্বরে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখেছিলেন। ৩৮ বছর বয়সি এই ডিফেন্ডারের জন্য এটি সম্ভাব্য শেষ বিশ্বকাপ। তিনি ২০১০, ২০১৮ ও ২০২২ সালে তিনটি বিশ্বকাপে খেলেছেন। কাতার বিশ্বকাপে সাতটি ম্যাচেই পূর্ণ সময় মাঠে ছিলেন। আর্জেন্টিনা ১৬ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইকুয়েডরের কাইসেদোও পেলেন ছাড়

ইকুয়েডরের মিডফিল্ডার মোইসেস কাইসেদোও একই ম্যাচে লাল কার্ড দেখেছিলেন। চেলসির এই ২৪ বছর বয়সি মিডফিল্ডার কাতার বিশ্বকাপে খেলেছিলেন। ইকুয়েডর ১৪ জুন ফিলাডেলফিয়ায় আইভোরি কোস্টের বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে।

রোনালদো ও সালমানও উপকৃত

এর আগে ক্রিশ্চিয়ানো রোনালদোর ক্ষেত্রেও একই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে কনুই দিয়ে আঘাতের জন্য লাল কার্ড দেখেছিলেন তিনি। তার তিন ম্যাচের নিষেধাজ্ঞার বাকি দুই ম্যাচ এক বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কাতারের ডিফেন্ডার তারেক সালমানও এই সিদ্ধান্তে উপকৃত হয়েছেন। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে লাল কার্ড দেখে দুই ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছিলেন তিনি। এখন ১৩ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে কাতারের প্রথম ম্যাচে খেলতে পারবেন ২৮ বছর বয়সি এই ডিফেন্ডার।