চোটের কারণে প্রথম টেস্টে থেকে ছিটকে গেছেন পাকিস্তানের ব্যাটার বাবর আজম। তাকে ছাড়াই আজ মিরপুর টেস্টে মাঠে নামছে সফরকারীরা। বাঁ হাঁটুতে চোট পেয়ে সিরিজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেছেন বাবর। মিরপুরে সিরিজ শুরুর একদিন আগে বৃহস্পতিবার অনুশীলনে চোট পান ৩১ বছর বয়সি এই ব্যাটার। চোট পাওয়ার পরপরই মাঠ ছাড়তে হয় তাকে। পরে এমআরআই স্ক্যান করানো হয় বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
পিসিবির বিবৃতি
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিবৃতিতে জানিয়েছে, 'বাঁ হাঁটুতে চোটের কারণে বাবর আজম বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে খেলতে পারবেন না। দলের চিকিৎসক দল এখন তার অবস্থা পর্যালোচনা করছে। পরবর্তী আপডেট যথাসময়ে জানানো হবে।'
তরুণদের ওপর দায়িত্ব
তার জায়গায় দলে দায়িত্ব বাড়ল তরুণ ব্যাটারদের ওপর। দুই অভিষিক্ত ক্রিকেটারকে নিয়ে মাঠে নামছে সফরকারীরা। আজান ওয়াইস ও আব্দুল্লাহ ফজল তাদের প্রথম ম্যাচ খেলতে নামছেন আজ।
পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, আজান ওয়াইস, আবদুল্লাহ ফজল, শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আঘা, শাহিন আফ্রিদি, নোমান আলী, হাসান আলী, মোহাম্মদ আব্বাস।



