পেস বোলিংয়ে বাংলাদেশ এগিয়ে: শান্ত
পেস বোলিংয়ে বাংলাদেশ এগিয়ে: শান্ত

পেস বোলিং বিভাগে বর্তমান সময়ে দারুণ পারফর্ম করছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও নাহিদ রানারা নিজেদের গতিতে প্রতিপক্ষকে চমকে দিচ্ছেন। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্টে তাই নিজেদের পেস বিভাগকেই এগিয়ে রাখছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

প্রথম টেস্টের প্রস্তুতি

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার (৮ মে) শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। বাংলাদেশের স্পোর্টিং উইকেটের কথা মাথায় রেখে পাঁচ পেসার নিয়ে খেলতে এসেছেন সফরকারীরা। তাদের পেস আক্রমণে রয়েছেন শাহিন শাহ আফ্রিদি, মোহাম্মাদ আব্বাস, হাসান আলি, খুররাম শাহজাদ ও আমাদ বাট। অন্যদিকে বাংলাদেশের প্রথম টেস্টের স্কোয়াডে পেসার আছেন চার জন – তাসকিন আহমেদ, নাহিদ রানা, শরিফুল ইসলাম ও ইবাদত হোসেন চৌধুরি।

তাসকিনের প্রত্যাবর্তন

২০২৪ সালের ডিসেম্বরের পর আবার টেস্ট খেলার অপেক্ষায় রয়েছেন তাসকিন আহমেদ। সাম্প্রতিক সময়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে আগুনঝরা বোলিং করে বেশ আলোচিত হয়েছেন নাহিদ রানা। এছাড়া শরিফুল ইসলাম ও ইবাদত হোসেনও দারুণ ছন্দে রয়েছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অধিনায়কের বক্তব্য

বৃহস্পতিবার (৭ মে) সংবাদ সম্মেলনে দুই দলের পেস আক্রমণ প্রসঙ্গে নিজ দলকেই এগিয়ে রাখেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। তিনি বলেন, 'পেস বোলিং বিভাগে আমি বলবো, দুই দলেরই ভালো পেস আক্রমণ। তবে আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি বলবো, আমাদের পেস বোলিং আক্রমণ হয়তো সামান্য একটু এগিয়ে আছে। গত কয়েক বছর ধরে তারা যেভাবে বোলিং করছে।'

প্রতিপক্ষ প্রসঙ্গে তিনি আরও বলেন, 'পাকিস্তান নিয়ে যখনই কথা বলি, সবসময় ওদের পেস বোলিং নিয়ে কথা বলি। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, তারা খুব ভালো দল ও খুব ভালো পেস বোলিং বিভাগ। তবে গত কয়েক বছর যেভাবে আমাদের পেস বোলাররা বল করছেন, তাদের কৃতিত্ব দিতেই হবে।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

টেস্ট সিরিজ জয়ের লক্ষ্য

টেস্ট সিরিজ জেতার লক্ষ্য নিয়ে শান্ত বলেন, 'অধিনায়ক হিসেবে চাইবো যে, ঘরের মাঠে বেশির ভাগ ম্যাচগুলো যেন আমরা জিতি এই চক্রে। ব্যাটসম্যান হিসেবে আমি ব্যক্তিগতভাবে যেটা চাই, দলের কাছ থেকে, প্রথম ইনিংসে আমরা যেন ভালো ক্রিকেট খেলি সবসময়। এই চ্যালেঞ্জটা যদি আমরা ঠিকভাবে নিতে পারি, আমার মনে হয় এই চক্রটা আরও ভালো হবে।'

জেতার জন্য প্রথম ইনিংসে বড় সংগ্রহ চান শান্ত। তিনি বলেন, '(প্রথম ইনিংসে) চার শর বেশি রান যদি আমরা করতে পারি, সেটা দলের জন্য খুব ভালো। একটা জিনিস বুঝতে হবে, একেকজনের খেলার ধরন একেক রকম। আমি চাই না যে, কেউ তা পরিবর্তন করুক। যে যেভাবে খেলতে পছন্দ করে, সে সেভাবেই খেলুক। রান করাটাই গুরুত্বপূর্ণ। ৮০ ওভারে যদি আমরা ৪০০ করতে পারি কোনো সমস্যা নেই, যদি কেউ ১২০ ওভার লাগায়, তাতেও আমার কোনো সমস্যা নেই।'