সর্বশেষ পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডিতে টেস্টে ইতিহাস গড়েছিল বাংলাদেশ। প্রথমবার পাকিস্তানকে দুই টেস্টের সিরিজে ধবলধোলাই করেছিল। অথচ তাদের বিপক্ষে আগের ১৩ টেস্টে কোনও জয়ই ছিল না টাইগারদের! তবে পাকিস্তানের বিপক্ষে শুক্রবার এবার ঘরের মাঠে টেস্ট শুরুর আগে বাংলাদেশ কোচ অতীত সাফল্য বাদ দিয়ে বর্তমানেই মনোযোগটা দিচ্ছেন।
ফিল সিমন্স বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে সিমন্স স্পষ্ট বলেছেন, ‘এটা ইতিহাস। যা এখন অতীত। আমরা এখন নতুন ইতিহাস তৈরি করতে চাই। তাই আমাদের দৃষ্টি এখন শুক্রবারের ম্যাচে। সেখানে কী হয় সেটাই গুরুত্বপূর্ণ। আগে কী হয়েছে, সেটা কোনো বিষয় নয়।’
২০২৪ সালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয় আলোচনায় থাকলেও ড্রেসিংরুমে তার প্রভাব নেই বলে ইঙ্গিত দিয়েছেন সিমন্স। তার মতে, বর্তমান পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়াটাই এখন সবচেয়ে বেশি জরুরি, ‘হ্যাঁ, এটা মাথায় থাকলে আত্মবিশ্বাস বাড়ে যে আমরা শেষ ম্যাচ জিতেছি। কিন্তু এটা নতুন ম্যাচ, নতুন ভেন্যু। আমরা এখন বাংলাদেশে খেলছি, পাকিস্তানে নয়। তাই সেসব পেছনে ফেলে শুক্রবারের ম্যাচে মনোযোগ দিতে হবে।’
পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ নিয়ে আলোচনায় রয়েছেন পেসার নাহিদ রানা। তবে তার খেলা নির্ভর করছে ওয়ার্কলোড ব্যবস্থাপনার ওপর। সিমন্স জানিয়েছেন, দুই টেস্টের সিরিজে অন্তত একটিতে রানা খেলতে পারেন। তিনি বলেছেন, ‘প্রথম টেস্টের পর আমরা দেখবো সে কোথায় আছে, কত ওভার বল করেছে। ওয়ার্কলোড এভাবেই কাজ করে। তাই আমরা তার ওয়ার্কলোড পর্যবেক্ষণ করবো এবং দেখবো দ্বিতীয় টেস্টে খেলতে পারে কিনা।’



