আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর গত মাসে সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি দায়িত্ব গ্রহণ করে। এই কমিটির প্রধান লক্ষ্য আগামী ৯০ দিনের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করা।
আজকের বোর্ড সভায় কী কী আলোচনা হবে?
আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহ আগেই জানিয়েছেন কমিটির সভাপতি তামিম ইকবাল। আজ (বুধবার) দুপুর ২টায় বিসিবি কার্যালয়ে তারা আরেকটি বোর্ড সভায় বসতে যাচ্ছেন। সেখানে নির্বাচন আয়োজনের প্রক্রিয়া নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হতে পারে। একই সঙ্গে আজ থেকেই কাউন্সিলর ফর্ম বিতরণ শুরু হচ্ছে, যা চলবে ১০ মে পর্যন্ত।
বিপিএল ফিক্সিং নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত
এছাড়া ২০২৫ সালের বিপিএলে ফিক্সিং সংক্রান্ত বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে। দায়িত্ব নেওয়ার পর এটি তামিমদের চতুর্থ বোর্ড সভা হলেও, এবারের বৈঠকে নির্বাচনের পরিকল্পনাই সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।
বিসিবি সূত্রে জানা গেছে, নির্বাচন কমিশন গঠন এবং ভোটার তালিকা চূড়ান্ত করাসহ বেশ কিছু প্রশাসনিক বিষয়েও আলোচনা হবে। অ্যাডহক কমিটি ইতিমধ্যে নির্বাচনী প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে।



