চট্টগ্রাম বন্ধুসভা-লিও ক্লাবের প্রীতি ম্যাচ শেষ হলো সমতায়
চট্টগ্রাম বন্ধুসভা-লিও ক্লাবের প্রীতি ম্যাচ সমতায় শেষ

কালবৈশাখীর দাপটে পুরো দেশ যখন থমথমে, ঠিক তার আগের দিন কাঠফাটা রোদে চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা মেতে উঠেছিলেন ব্যাট-বলের লড়াইয়ে। প্রতিপক্ষ ছিল লিও ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল সিটি। বন্দরনগরীর দুই সামাজিক সংগঠনের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বাড়াতে গত ৩০ এপ্রিল পাঁচলাইশ কাতালগঞ্জের টুমোরো ল্যান্ড টার্ফে অনুষ্ঠিত হয় জমজমাট এই প্রীতি ম্যাচ।

ম্যাচের শুরু ও প্রথম ইনিংস

টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন চট্টগ্রাম বন্ধুসভার অধিনায়ক নুরুজ্জামান খান। বিপক্ষে নেতৃত্ব দেন লিও ফয়েজুল ইসলাম। ব্যাটিংয়ে নেমে প্রথম বলেই চার মেরে দারুণ শুরু করে লিও ক্লাব। তবে বেশিক্ষণ স্থায়ী হয়নি সেই শুরু। প্রথম ওভারেই দলীয় ১০ রানে রানআউট হন লিও জুয়েল পাঠান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। সাজঘরে ফেরেন লিও ওমর হায়দার, ফয়েজুল ইসলাম, ইমন ও জয়। অপর প্রান্ত আগলে রেখে একাই লড়াই চালিয়ে যান লিও সৌমেন বড়ুয়া। দলের বাকি সদস্যরা হলেন মুলতাজিম সাদিক ও আসিফ উদ্দিন। ৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ থামে ৫৩ রানে।

দ্বিতীয় ইনিংস ও উত্তেজনা

৫৪ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই অসাধারণ কাটায় চট্টগ্রাম বন্ধুসভা। বন্ধু রিমুল মিয়াজির ব্যাট থেকে আসে চারটি অসাধারণ চার, স্কোরবোর্ডে যোগ হয় ১৬ রান। তবে দ্বিতীয় ওভারে প্রতিপক্ষের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাত্র ৩ রান আসে। সমীকরণ দাঁড়ায় ২৪ বলে ৩৫ রান। তৃতীয় ওভারে উইকেট পতনের পর চাপে পড়ে যায় বন্ধুসভা, ভেঙে যায় পার্টনারশিপ। একের পর এক উইকেট হারাতে থাকে তারা। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন দুই ব্যাটার। সংকটময় মুহূর্তে হাল ধরেন বন্ধু মহসিন সিকদার ও রিমুল মিয়াজি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রিমুল মিয়াজি ব্যক্তিগত ২৮ রানে আউট হলে খেলা গড়িয়ে যায় শেষ ওভারে। জেতার জন্য প্রয়োজন ছিল ৬ বলে ১৩ রান। প্রথম বলেই দারুণ শটে বাউন্ডারি মারেন মহসিন সিকদার। পরের বলটি ওয়াইড হয়, যোগ হয় অতিরিক্ত এক রান। ৫ বলে প্রয়োজন ৮ রান, এমন সময় খেলা আরও জমে ওঠে। দ্বিতীয় বলেই আউট হন মহসিন সিকদার। তখনো দলের প্রয়োজন ৪ বলে ৮ রান। দুই দলই সতর্ক অবস্থায়, ঠিক সে সময় ফিল্ডারের ভুলে দুর্দান্ত একটি চারে ব্যবধান কমে ৩ বলে ৪ রান। চতুর্থ বলে ব্যাটসম্যানের অসাধারণ শটকে লাফ দিয়ে আটকে দেন লিও ইমন। পঞ্চম বলে ব্যাটসম্যান ২ রান নেন।

শেষ ওভারের নাটকীয়তা ও সমতা

ম্যাচ গড়ায় শেষ বলে, বেড়ে যায় নাটকীয়তা। ফিল্ডাররা ছিলেন বাজপাখির মতো তীক্ষ্ণ, বোলার প্রস্তুত উইকেট কিংবা ডট দেওয়ার জন্য। ব্যাটসম্যানরা প্রস্তুত বাউন্ডারি কিংবা দৌড়ে ২ রান পূর্ণ করার। বোলার বল ছাড়েন, ব্যাটসম্যান ব্যাটে লাগিয়ে রান নিতে দৌড়ান। এক রান নিয়ে দ্বিতীয় রানের চেষ্টায় রানআউট! টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ শেষ হয় সমতায়, যা শুরুতে কেউ ভাবতে পারেনি!

আয়োজকদের প্রতিক্রিয়া

পুরো খেলায় দুটি দলই দেখিয়েছে অনবদ্য পারফর্ম্যান্স। লিও ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল সিটির সভাপতি লিও ওমর হায়দার বলেন, ‘মাঠের ফলাফল সমতায় শেষ হওয়া প্রমাণ করে, আমরা সবাই সব সময় নিজেদের সেরাটা দিতে প্রস্তুত থাকি। মানবিক কর্মকাণ্ড এবং সামাজিক মূল্যবোধ বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি; সংগঠনদ্বয়ের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বৃদ্ধিই ছিল আজকের ম্যাচের মূল লক্ষ্য।’

বন্ধুসভার সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সামনের দিনগুলোতে খেলাধুলা এবং নানাবিধ সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে লিও ক্লাব অব চিটাগং ইম্পেরিয়াল সিটিকে পাশে পাওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন। চট্টগ্রাম বন্ধুসভার দলে আরও ছিলেন বন্ধু শান্ত বড়ুয়া, আশরাফুর রহমান, আবদুল্লাহ আল মাসুম ও মারুফ উল হক।