শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচের শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৪ রান। চামারি আতাপাত্তুর করা প্রথম বলেই বড় শট খেলতে গিয়ে ক্যাচ আউট হন নিগার সুলতানা জ্যোতি। ড্রেসিংরুমে ফেরার আগে হতাশায় ব্যাট দিয়ে মাটিতে আঘাত করে বসলেন টাইগ্রেস অধিনায়ক। সেটিই কাল হয়ে দাঁড়াল তার জন্য। পেলেন শাস্তি, নামের পাশে যুক্ত হয়েছে ডিমেরিট পয়েন্ট।
আইসিসির শাস্তি
গতকাল এক বিবৃতিতে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি জানিয়েছে, আউট হয়ে মাঠে মেজাজ হারানোয় আনুষ্ঠানিক তিরস্কার করা হয়েছে জ্যোতিকে। এছাড়া তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। উত্তেজনাপূর্ণ মুহূর্তে যা ভালোভাবে নেননি মাঠের দুই আম্পায়ার ইলোইস শেরিডান ও সাথিরা জাকির জেসি।
আম্পায়ারদের পদক্ষেপ
এছাড়া থার্ড আম্পায়ার রোকেয়া সুলতানা ও ফোর্থ আম্পায়ার চম্পা চাকমার সঙ্গে পরামর্শ করে জ্যোতির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন তারা। পরে ম্যাচ রেফারি সুপ্রিয়া রাণী দাস আনুষ্ঠানিক তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্টের শাস্তি দেন।



