বাংলাদেশের সামনে সিরিজ জয়ের মিশন, বৃষ্টি শঙ্কা
বাংলাদেশের সামনে সিরিজ জয়ের মিশন, বৃষ্টি শঙ্কা

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে দাপুটে জয়ের পর বাংলাদেশের সামনে এখন সিরিজ জয়ের মিশন। আজ বুধবার দুপুর ২টায় চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি জয় পেলেই তিন ম্যাচের সিরিজ নিশ্চিত করবে স্বাগতিকরা। তবে টাইগারদের সেই লক্ষ্য পূরণের দিনে চোখ রাঙাচ্ছে বৃষ্টি। ম্যাচটি সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি।

বৃষ্টি শঙ্কায় নিউজিল্যান্ডের অনুশীলন

মঙ্গলবার দিনভর ভারী থেকে মাঝারি বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকা জলাবদ্ধ হয়ে পড়ে। যার ফলে নিউজিল্যান্ড তাদের ঐচ্ছিক অনুশীলন ইনডোরে সরিয়ে নিতে বাধ্য হয়। সেখানেও অংশ নেন মাত্র কয়েকজন ক্রিকেটার। অন্যদিকে স্বাগতিক বাংলাদেশ দল অনুশীলন করেনি, বিশ্রাম বেছে নিয়েছে।

উদ্বেগ ওপেনিং জুটি নিয়ে

প্রথম ম্যাচে মিডল অর্ডারের দৃঢ়তায় ছয় উইকেটের জয় তুলে নেওয়ায় আত্মবিশ্বাসে ভরপুর বাংলাদেশ। তবে উদ্বেগ রয়েছে ওপেনিং জুটি নিয়ে। ওই ম্যাচে পাওয়ারপ্লেতে ব্যাট হাতে ছন্দ খুঁজে পাননি সাইফ হাসান ও তানজিদ তামিম। বিপরীতে নিউজিল্যান্ডের ব্যাটাররা রীতিমতো ঝড় তুলে খেলেছে। পাওয়ার প্লেতে দারুণ শুরুর পর শেষ পর্যন্ত ১৮২ রানে থামে নিউজিল্যান্ডের ইনিংস। তবে এই স্কোরকে দুইশর নিচে আটকে রাখতে বড় ভূমিকা ছিল মেহেদী হাসান ও রিশাদ হোসেনের।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বোলারদের কৃতিত্ব দিলেন মেহেদী

মঙ্গলবার বিসিবির ভিডিও বার্তায় এই ম্যাচ জয়ের বড় কৃতিত্ব বোলারদেরই দিয়েছেন অফস্পিনার মেহেদী, ‘শুরুতেই আমাদের কিছুটা সংগ্রাম করতে হয়েছে। তবে ধীরে ধীরে ম্যাচে ফিরে আসি। রিশাদের ওভারগুলো খুব ভালো ছিল, আর শেষ দিকে আমি দুই ওভারে ভালো কামব্যাক করি। এই দুই স্পেলে আমরা মাঝের ওভার অনেক ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পেরেছি। যদি সেই সময়টা আরেকটু ভালোভাবে নিয়ন্ত্রণ করতে না পারতাম, তাহলে হয়তো আরও ২০ রান বেশি হজম করতে হতো।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ব্যাটিং-সহায়ক উইকেটে বোলারদের আধিপত্য বিস্তার করা কিছুটা কঠিন। সেই কঠিন কাজে নিউজিল্যান্ডের চেয়ে এগিয়ে ছিল বাংলাদেশ। মেহেদীর মতে, ‘যদি উইকেট ঠিকমতো পড়া করা যায়, তাহলে আমি বলবো বোলিংয়ের দিক থেকে আমরা নিউজিল্যান্ডের চেয়ে ভালো করেছি। গত এক-দেড় বছরে স্পিনাররা সত্যিই ডমিনেটিং পারফরম্যান্স করে আসছে। বিদেশের কন্ডিশনেও রিশাদ, নাসুম বা আমি যেই সুযোগ পাচ্ছে, ভালো করছে।’