শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারার পর টি-টোয়েন্টি সিরিজেও হতাশায় শুরু করলো বাংলাদেশ। মঙ্গলবার সিলেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৫ রানে হেরেছে নিগার সুলতানার দল।
বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা
১৬২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ সূচনা পায় বাংলাদেশ। ওপেনার দিলারা আক্তার (২৩) ও জুয়াইরিয়া ফেরদৌস (১৬) ৪ ওভারে ৩৯ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙতেই ধস নামে। দ্রুত আউট হন শারমিন আক্তার (১) ও অধিনায়ক নিগার সুলতানা (০)। পাওয়ারপ্লেতেই ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।
এরপর সোবহানা মোস্তারি ধীরগতিতে ২৬ বলে ১৬ রান করেন। অন্যপ্রান্তে লড়াই চালিয়ে যান স্বর্ণা আক্তার। রান আউট হওয়ার আগে ৪৫ বলে ৬০ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। যেখানে ছিল চারটি চার ও দুটি ছক্কা। তবে তার একার লড়াইয়ে ম্যাচে ফেরা সম্ভব ছিল না। ব্যবধান কমিয়েছে মাত্র। শেষ পর্যন্ত ৭ উইকেটে ১৩৬ রানে থামে বাংলাদেশ।
বল হাতে শ্রীলঙ্কার মালকি মাদারা, মিথালি অযোদ্ধা ও অধিনায়ক চামারি আতাপাত্তু দুটি করে উইকেট নেন।
শ্রীলঙ্কার বড় সংগ্রহ
এর আগে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৪ উইকেটে তোলে ১৬১ রান। ইমেশা দুলানির ৪০ বলে ৫৫ ও হর্ষিতা সামারাবিক্রমার ৩৫ বলে ৬১ রানের ইনিংসে বড় সংগ্রহ পায় তারা। তৃতীয় উইকেটে ইমেশা ও হর্ষিতা ৮০ রানের জুটি গড়ে ভিত গড়েছেন। ইমেশার ইনিংসে ছিল ৭টি বাউন্ডারি। হর্ষিতার ইনিংসে ছিল পাঁচটি চার ও দুটি ছক্কা।
বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ২৯ রানে নেন দুটি উইকেট। এছাড়া মারুফা আক্তার ও শততম টি-টোয়েন্টি খেলতে নামা নাহিদা আক্তার একটি করে উইকেট নেন।



