বাংলাদেশ দলের ফাস্ট বোলার নাহিদ রানা নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। সময়টা তাই ভালোই কাটার কথা তাঁর। কিন্তু একটু অস্বস্তিও যোগ হয়েছে গতকাল। চট্টগ্রামে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় হাতে চোট পেয়েছেন নাহিদ রানা।
মাঠে বিজ্ঞাপন বোর্ডের পেরেকে লেগে ডান হাত ছিলে গেছে নাহিদ রানার। ওই হাত ব্যান্ডেজও করা হয়েছে। তবে আশার কথা, সেলাই লাগেনি। দু-এক দিনের মধ্যেই বল করতে পারবেন বলে প্রথম আলোকে জানিয়েছেন বিসিবির মেডিক্যাল বিভাগের প্রধান দেবাশীষ চৌধুরী।
নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচে ৮ উইকেট নিয়েছেন নাহিদ রানা। দ্বিতীয় ওয়ানডেতেই নেন ৫ উইকেট। পুরো সিরিজেই নিউজিল্যান্ডের ব্যাটসম্যানরা তাঁর গতিময় বোলিংয়ে অস্বস্তি বোধ করেছেন।
ওয়ানডে সিরিজ শেষ করেই নাহিদ ঢাকায় ফিরে গেছেন। চট্টগ্রামে আগামী রোববার শুরু হতে যাওয়া টি-টুয়েন্টি সিরিজে তাঁকে দলে রাখা হয়নি। পিএসএলে ফেরার জন্য ছাড়পত্রও দেওয়া হয়নি তাঁকে। গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আপাতত পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজের প্রস্তুতি নেবেন নাহিদ।



