এই মৌসুমে আর মাঠে নামতে পারবেন না লামিনে ইয়ামাল। বাস্তবতা মেনে বার্সেলোনার ১৮ বছর বয়সী উইঙ্গার ভক্ত-সমর্থকদের উদ্দেশে বার্তা দিয়েছেন, আরও শক্তিশালী হয়ে ফিরবেন তিনি।
চোটের কারণ
লা লিগায় সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করার পরপরই হ্যামস্ট্রিং চোটে মাঠ ছাড়তে হয় ইয়ামালকে। পরীক্ষার পর ক্লাব নিশ্চিত করেছে, এই মৌসুমে আর খেলা হচ্ছে না তার।
বিশ্বকাপে খেলবেন
বার্সেলোনা কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্বকাপে স্পেনের হয়ে ইয়ামালকে দেখা যাবে। তাদের দাবি, আসন্ন বিশ্বকাপের আগে ইয়ামাল পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এবং স্পেনের হয়ে খেলতে পারবেন।
ভক্তদের বার্তা
চোট নিয়ে নীরবতা ভেঙে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে বার্তা দিয়েছেন ইয়ামাল। বার্সার ১০ নম্বর জার্সিধারী লিখেছেন, 'ঠিক যখন দলের সঙ্গে মাঠে থাকা সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, তখনই এই চোট আমাকে মাঠের বাইরে ছিটকে দিলো। এর যন্ত্রণা কতটা গভীর, তা ভাষায় প্রকাশ করার ক্ষমতা আমার নেই।'
ইয়ামালের এই চোট বার্সেলোনার জন্য বড় ধাক্কা, তবে স্পেনের বিশ্বকাপ দলের জন্য সুখবর।



