ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পর এবার নিউজিল্যান্ডের বিপক্ষে টানা তিন ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ ক্রিকেট দল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে পিছিয়ে পড়ার পর দারুণ চ্যালেঞ্জ নিয়ে পরপর দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করেছে বাংলাদেশ।
মিরাজের প্রতিক্রিয়া
বৃহস্পতিবার ট্রফি নিয়ে সতীর্থদের সঙ্গে আনন্দ উৎসব করার পর সংবাদ সম্মেলনে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, অবশ্যই ভালো লাগছে টানা তিনটা সিরিজ জিতেছি এবং আমার কাছে মনে হয় ব্যক্তিগত অর্জনের চেয়ে বাংলাদেশ জিতছে এটাই অনেক বড় অর্জন।
মিরাজ আরও বলেন, শান্ত যেভাবে ব্যাটিং করেছে এটা আমরা ওর থেকে এরকমই আশা করি। খুব ভালো একটা ইনিংস খেলেছে লিটন দাসও। মোস্তাফিজুরও। প্রত্যেকটা খেলোয়াড় অভিজ্ঞ। অনেক দিন ধরে বাংলাদেশের জন্য খেলছে। আমার কাছে মনে হয় নিজেদের পারফরম্যান্স প্রদর্শনীর এটাই সেরা সময়।
অধিনায়ক হিসেবে চিন্তাভাবনা
অধিনায়ক বলেন, আমরা কিন্তু অনেক টুর্নামেন্ট খেলতে যাই। ব্যক্তিগতভাবে অধিনায়ক হিসেবে আমি চিন্তা করেছি আমরা যে টুর্নামেন্ট খেলতে যাই প্রথম ম্যাচ হারলেই বাদ, নকআউট খেলা যেভাবে হয় আর কী... সেভাবে জিনিসটা নিয়েছি। প্রথম ম্যাচ হারের পর ওই চিন্তা করে দ্বিতীয় ম্যাচে নেমে জিতেছি। হারলে সিরিজটি হারাব। জিতলে সুযোগ থাকবে। এভাবেই আমি চিন্তা করেছি।
নাহিদ রানার ভূয়সী প্রশংসা
সিরিজ জুড়ে নাহিদ রানার দুর্দান্ত বোলিং নিয়ে অধিনায়ক বলেন, নাহিদ রানা আমরা অবশ্যই ও আমাদের দেশের জন্য একটা অনেক বড় অ্যাসেট। আমরা সবাই অবশ্যই চেষ্টা করব ওকে যত্ন করার জন্য এবং ও যেভাবে মেইনটেইন করছে এটা আসলে একটা টিমের জন্য অনেক অনেক অ্যাডভান্টেজ এবং লাস্ট দুইটা সিরিজ যেভাবে বোলিং করেছে আর অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে এটা একটা গ্রেট মোমেন্টাম নিয়ে আসে সবসময়। আমার কাছে মনে হয় যে ও যেভাবে বল করছে এটা কন্টিনিউ করতে পারলে বাংলাদেশ টিমের জন্য অনেক অনেক ম্যাচ জিততে পারবে।
বিশ্বকাপ বাছাই নিয়ে আত্মবিশ্বাস
টানা তিনটা সিরিজ জয়ের পর বিশ্বকাপে সরাসরি খেলার একটা ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী, মিরাজ বলেন, অবশ্যই বিশ্বকাপে বাছাই করাটা গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আমাদের ভালো ক্রিকেট খেলাটাও গুরুত্বপূর্ণ। আমরা যদি ভালো ক্রিকেট খেলতে না পারি তাহলে ওটা (বিশ্বকাপে বাছাই) আমরা করতে পারব না। আমরা প্রক্রিয়ার ভেতরে আছি। আমরা যদি ম্যাচ জিততে পারি, পারফর্ম করতে পারি তাহলে ওখানে পৌঁছানো সম্ভব। সেরা নয়ে থাকতে হলে আমাদের ধারাবাহিক ক্রিকেট খেলতে হবে। তাহলে আমাদের দলের জন্য বিরাট সুবিধা হবে।



