নারী হকি দলের ঐতিহাসিক ম্যাচে চায়নিজ তাইপের সঙ্গে ড্র
নারী হকি দলের ঐতিহাসিক ম্যাচে চায়নিজ তাইপের সঙ্গে ড্র

এশিয়ান গেমসের বাছাইপর্বে চায়নিজ তাইপের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ নারী হকি দল। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ১০ গোলের পাগলাটে ম্যাচ ৫-৫ গোলের সমতায় শেষ হয়। জিততে না পারলেও এই ম্যাচ দিয়েই দেশের হকিতে লেখা হয়ে গেছে একটি ইতিহাস।

প্রথম আন্তর্জাতিক ম্যাচ

১৯৭৮ সাল থেকে আন্তর্জাতিক ম্যাচ খেলা শুরু করে বাংলাদেশ পুরুষ হকি দল। অন্যদিকে, এই প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেললো বাংলাদেশের মেয়েরা। বিশ্ব হকির র‍্যাংকিংয়ে ৫৫তম স্থানে চায়নিজ তাইপে। প্রথম আন্তর্জাতিক হকি খেলতে নামা বাংলাদেশ নারী দল এখনো র‍্যাংকিংয়ের খাতায় নামই লেখাতে পারেনি। তবুও লড়াই করেছে সমানে সমান।

ম্যাচের বিবরণ

প্রথম কোয়ার্টারেই দুই দলের লড়াই জমে ওঠে। একের পর এক আক্রমণ করে অষ্টম মিনিটে পেনাল্টি কর্নার আদায় করে নেয় বাংলাদেশ নারী দল। সুযোগটা কাজে লাগিয়ে গোল করেন আইরিন আক্তার। ১ মিনিট পরই পাল্টা আক্রমণে গোল হজম করে বাংলাদেশ। তাতে অবশ্য দমে যায়নি দল। দশম মিনিটে চমৎকার এক গোছানো আক্রমণে আরেকটি পেনাল্টি কর্নার পেলে তা থেকে বাংলাদেশকে দ্বিতীয় গোল এনে দেন অধিনায়ক অর্পিতা পাল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

১৭ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান ৩–১ করেন বাংলাদেশ অধিনায়ক। এরপর শুরু চায়নিজ তাইপের প্রতিরোধ। দ্বিতীয় কোয়ার্টারের ভেতরই ম্যাচে সমতা ফেরায় তারা। তৃতীয় কোয়ার্টারে এগিয়ে যায় ৫–৩ গোলেও। বাংলাদেশ অবশ্য হার মানেনি। ৪০ মিনিটে ফিল্ড গোলে ব্যবধান কমান কনা আক্তার। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নারে সমতা ফেরানোর পাশাপাশি হ্যাটট্রিকও পূরণ করেন অর্পিতা। শেষ পর্যন্ত ৫-৫ গোলে ড্র করে মাঠ ছাড়ে লাল-সবুজের প্রতিনিধিরা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ