কিছুদিন আগে সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শিরোপা জয়ের পর রাজধানীর হাতিরঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। সেই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিলটন জয়ীদের জন্য আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন। আজ বুধবার সেই প্রতিশ্রুতি অনুযায়ী সিটি করপোরেশন কার্যালয়ে ফুটবলারদের হাতে পুরস্কারের অর্থ তুলে দেওয়া হয়েছে।
সিটি করপোরেশনের ফুটবল উন্নয়ন পরিকল্পনা
পাইওনিয়ার লিগে সিটি করপোরেশন দীর্ঘদিন ধরে স্পন্সর করে আসছে। পাশাপাশি সিটি করপোরেশনের অনেক মাঠেও ফুটবল খেলা হয়। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল সিটি করপোরেশনের মাঠ সংস্কার ও পরিচর্যার বিষয়ে অনুষ্ঠানে বলেন, 'সিটি করপোরেশন আরও ছয়টি মাঠ খেলার জন্য উন্মুক্ত করছে, এটি একটি দারুণ উদ্যোগ। তবে শুধু মাঠ উন্মুক্ত করলেই হবে না, সংস্কার এবং উন্নয়নও করতে হবে। কোচ বা টেকনিক্যাল সাপোর্ট বাফুফে প্রদান করবে।'
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিলটন মাঠ ব্যবহার ও উন্নয়ন নিয়ে প্রতিশ্রুতি দিয়ে বলেন, 'আমরা ইতোমধ্যে মাঠ উন্মুক্ত করছি। পাশাপাশি সংস্কার ও ফুটবল উপযোগী করার জন্য যা যা প্রয়োজন, সিটি করপোরেশনের পক্ষ থেকে আমরা তা করবো।'
অর্থ পুরস্কার প্রদান
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়ন দলের প্রত্যেক সদস্যকে ৫০ হাজার টাকার চেক ও ক্রেস্ট প্রদান করেছে সিটি করপোরেশন। প্রশাসক জানান, এই অর্থ সামান্য হলেও ভবিষ্যতের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তিনি বলেন, 'আশা করি তোমরা সামনে জাতীয় দলে খেলে দেশের মুখ উজ্জ্বল করবে। তোমাদের সামনে নানা বাধা ও সমস্যা আসবে, সেগুলো অতিক্রম করার জন্য আজ তোমাদের সামনে ও পেছনে বসে অনেক মানুষ আছে। তাদের পাশাপাশি আমিও রয়েছি।'



