আগামীকাল শুরু হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের ২০২৬ আসর। যৌথ আয়োজক হিসেবে থাকছে আমেরিকা, কানাডা ও মেক্সিকো। তিনটি দেশেই আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছে। উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হবে মেক্সিকোর অ্যাজটেকা স্টেডিয়ামে।
পুরো বিশ্ব এখন বিশ্বকাপ উন্মাদনায় ভাসছে। প্রিয় দলের পতাকায় ছেয়ে গেছে রাস্তাঘাট, অফিস-আদালত। বাংলাদেশে আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থক বেশি থাকলেও জার্মানি, স্পেন ও পর্তুগালের সমর্থকও রয়েছে।
গণিতবিদের ভবিষ্যদ্বাণী
বিশ্বকাপের ফাইনালের আগে কে চ্যাম্পিয়ন হবে তা নিশ্চিত করে বলা কঠিন। তবে তার আগেই সম্ভাব্য চ্যাম্পিয়ন নিয়ে ভবিষ্যদ্বাণী করছেন অনেকে। জার্মানির গণিত বিশেষজ্ঞ জোয়াকিম ক্লেমেন্ট এমন একটি দেশের নাম বলেছেন, যারা আগে কখনো বিশ্বকাপ জিততে পারেনি, যদিও তিনবার সুযোগ পেয়েছিল।
ক্লেমেন্ট বিশ্বকাপের শেষ তিন আসরে (২০১৪, ২০১৮ ও ২০২২) ভবিষ্যদ্বাণী করেছিলেন এবং প্রতিবারই তা সঠিক প্রমাণিত হয়। তাই এবারও তার ভবিষ্যদ্বাণী গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
নেদারল্যান্ডসের শিরোপা জয়ের সম্ভাবনা
ক্লেমেন্টের মতে, এবারের বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস। লিভারপুলের তারকা ডিফেন্ডার ভার্জিল ভ্যান ডাইকের নেতৃত্বাধীন দলটি শিরোপা জিতবে। তার মতে, সেমিফাইনালে স্পেনকে হারিয়ে নেদারল্যান্ডস ফাইনালে পৌঁছাবে, অন্যদিকে পর্তুগাল ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠবে। ফাইনালে পর্তুগালকে পরাজিত করে ডাচরা বিশ্বকাপ জিতবে।
প্রসঙ্গত, ২০১৪ সালের আগে দক্ষিণ আমেরিকার মাটিতে কোনো ইউরোপীয় দল বিশ্বকাপ জিততে পারেনি। ক্লেমেন্ট তখন জার্মানির নাম বলেছিলেন, যা সঠিক প্রমাণিত হয় এবং জার্মানি চতুর্থবারের মতো বিশ্বকাপ জেতে। ২০১৮ সালে ফ্রান্স ও ২০২২ সালে আর্জেন্টিনার ভবিষ্যদ্বাণীও অক্ষরে অক্ষরে মিলে যায়।



