হবিগঞ্জে ড্রাম্প ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২
হবিগঞ্জে ড্রাম্প ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ড্রাম্প ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত ও দুই জন আহত হয়েছেন। বুধবার (১০ জুন) বেলা ১১টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিণ বেজুড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ও আহতদের পরিচয়

নিহতরা হলেন- মাধবপুর উপজেলার ধরমন্ডল গ্রামের মৃত বাবু মিয়ার ছেলে ও অটোরিকশাচালক আক্কাছ মিয়া (৩৮) ও বেঙ্গাডোবা গ্রামের মৃত কামরুল হাসানের স্ত্রী মনোয়ারা বেগম (৭০)। আহতরা হলেন- বেঙ্গাডোবা গ্রামের তাকলিমা বেগম (৪০) ও লাওয়া মিয়ার ছেলে লিটন মিয়া (৪৫)।

দুর্ঘটনার বিবরণ

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নোয়াপাড়া থেকে যাত্রী নিয়ে মাধবপুরের উদ্দেশে রওনা দেন অটোরিকশাচালক আক্কাছ মিয়া। পথে সংযোগ সড়ক থেকে ঢাকা-সিলেট মহাসড়কে ওঠার পর দক্ষিণ বেজুড়া এলাকায় একটি ব্রিজের ওপর সিলেটগামী একটি ড্রাম্প ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই চালক আক্কাছ মিয়ার মৃত্যু হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার ও চিকিৎসা

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনোয়ারা বেগমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত তাকলিমা বেগম ও লিটন মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের কার্যক্রম

খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা ও মাধবপুর থানা পুলিশ, পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও প্রায় এক ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। মাধবপুর থানার ওসি সোহেল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ