বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন সম্পন্ন হয়েছে আজ। রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। সন্ধ্যায় ফল প্রকাশিত হয়। সর্বোচ্চ ভোট পেয়ে ক্রিকেট বোর্ডের ১৮তম সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
বিসিবি পরিচালনা পর্ষদে এনএসসি কোটায় মনোনীত
বিসিবি পরিচালনা পর্ষদ ২৫ সদস্যের। এর মধ্যে ২৩ জন নির্বাচনী প্রক্রিয়ায় আসলেও দুই জন পরিচালক সরাসরি জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে মনোনীত হন। বিসিবির কাউন্সিলরদের মধ্য থেকে এনএসসি দুই জনকে পরিচালক হিসেবে মনোনীত করার ক্ষমতা রাখে। এবারের নির্বাচনে রুহুল আমিন ও সরফরাজ আহমেদ এনএসসি কোটায় পরিচালক হয়েছেন।
পরিচিত মুখ নয় রুহুল আমিন ও সরফরাজ আহমেদ
জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবি নির্বাচনে পাঁচজনকে কাউন্সিলর করতে পারে। সাবেক জাতীয় ফুটবলার জাহেদ পারভেজ চৌধুরীর সঙ্গে পাঁচ কাউন্সিলরের তালিকায় ছিলেন সরফরাজ আহমেদ ও রুহুল আমিন। তবে এই দুই জন ক্রীড়াঙ্গনে তেমন পরিচিত মুখ নন। অপরিচিত এই দুই জনকেই এনএসসি পরিচালক পদে মনোনয়ন দিয়েছে।
আজ বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক দৌলতুজ্জামান খান বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা বরাবর এই দুই পরিচালকের মনোনয়ন সংক্রান্ত চিঠি পাঠিয়েছেন।
সরকারি হস্তক্ষেপের প্রশ্ন
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপমুক্ত পরিবেশের পক্ষে অবস্থান নেয়। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রে জাতীয় ক্রীড়া পরিষদ, যা একটি সরকারি প্রতিষ্ঠান, থেকে দুই জনকে সরাসরি মনোনয়নের বৈধতা রাখা হয়েছে।
৫ আগস্ট পরবর্তী সময়ে এনএসসি পরিচালক কোটার মাধ্যমেই বিসিবি সভাপতি পদে একাধিকবার রদবদল হয়েছে। এ বিষয়টি বিতর্কের জন্ম দিয়েছে।



