তামিম ইকবালপ্রথম আলোপ্রিমিয়ার লিগে অনিয়ম নতুন কিছু নয়। খেলোয়াড়দের পারিশ্রমিক নিয়েও টানাপোড়েনের কথাও এত দিন শোনা গেছে নিয়মিতই। তবে এবারের লিগে পারিশ্রমিক না পাওয়ার অভিযোগে ম্যাচ খেলতে মাঠেই নামেননি ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা।
কিছুক্ষণ অপেক্ষার পর ব্রাদার্স ইউনিয়নের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংককে ওয়াকওভার দেন ম্যাচ রেফারি। ক্রিকেটাররা পরে জানান, লিগ প্রায় শেষ হয়ে এলেও পারিশ্রমিকের মাত্র ২০ শতাংশই পেয়েছেন তাঁরা। বারবার তাগাদা দিয়েও টাকা না পাওয়ায় তাঁরা বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।
এ ঘটনা নিয়ে গতকাল রাতে ক্লাব ও ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছে, সেখানে ক্লাব ও খেলোয়াড়—দুই পক্ষই বক্তব্য তুলে ধরেছে।
ব্রাদার্স ইউনিয়নের পারিশ্রমিক না দেওয়ার এই জটিলতা নতুন কিছু নয়। প্রায় প্রতি মৌসুমেই পারিশ্রমিক নিয়ে বিতর্কিত হয় ক্লাবটি। এ ছাড়া কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধেও বিভিন্ন ধরনের অভিযোগ আছে। গতকালের বৈঠকে সেসব কথা মনে করিয়ে দেন তামিম। খেলোয়াড়দেরও আরেকটু ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন বিসিবি সভাপতি।
এখন পারিশ্রমিক দেওয়ার ক্ষেত্রে বিসিবির ভূমিকা ওই অর্থে তেমন নেই। কারণ, বেশির ভাগ ক্রিকেটারেরই কোনো চুক্তিপত্রই নেই।
আরও পড়ুনটাকা দেয়নি ব্রাদার্স ইউনিয়ন, ম্যাচ বর্জন ক্রিকেটারদের০৫ জুন ২০২৬লিগের নিয়ম অনুযায়ী, কোনো ম্যাচ বর্জন করলে ক্লাব প্রথম বিভাগে অবনমিত হয়ে যায়। কিন্তু তামিমের কাছে গতকাল রাতে ব্রাদার্স অনুরোধ করেছে, তাদের যেন এভাবে অবনমিত হতে না হয়। তামিমও তাদের চিঠি দিতে বলেছেন।
তবে এই চিঠি আনুষ্ঠানিকতা হয়ে থাকার সম্ভাবনাই বেশি। কারণ, এখন কিছু করতে হলে তা নিয়মের বাইরে গিয়ে করতে হবে। বর্জনের কারণে না হলেও পয়েন্ট তালিকার তলানিতে থাকায় এমনিতেও অবনমিতই হতো ব্রাদার্স। ৯ ম্যাচে তাদের জয় মাত্র ১টিতে।
ব্রাদার্সের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যেতে পারে আজই। এ নিয়ে যোগাযোগের চেষ্টা করেও ব্রাদার্সের ম্যানেজার আমিন খানের বক্তব্য পাওয়া যায়নি।
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুনক্রিকেট থেকে আরও পড়ুনবিসিবিতামিম ইকবাল



