মুশফিক-হৃদয়ের সেঞ্চুরি, বৃষ্টিতে অসমাপ্ত ৫ ম্যাচ
মুশফিক-হৃদয়ের সেঞ্চুরি, বৃষ্টিতে অসমাপ্ত ৫ ম্যাচ

ঢাকা প্রিমিয়ার লিগে আজ (শুক্রবার) নির্ধারিত ছয় ম্যাচের একটিতে খেলাই হয়নি। ব্রাদার্স ইউনিয়নের খেলোয়াড়েরা ম্যাচ বয়কট করায় ওয়াকওভার পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। বাকি পাঁচ ম্যাচে খেলা হলেও ফল হয়নি; বৃষ্টিতে সব ম্যাচই রিজার্ভ ডেতে চলে গেছে। ফলহীন দিনে ব্যাট হাতে নিজেদের আলাদা করেছেন মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয় ও ইরফান শুক্কুর। মোহামেডান ও লিজেন্ডস অব রূপগঞ্জের এই তিন ক্রিকেটার সেঞ্চুরি করেছেন।

মুশফিক ও হৃদয়ের সেঞ্চুরি

পিকেএসপিতে টস জিতে ব্যাট করতে নেমে ১০৭ রানের উদ্বোধনী জুটি পেয়েছিল মোহামেডান। দুই ওপেনারই অবশ্য হাফ সেঞ্চুরির পর বেশি দূর এগোতে পারেননি। ৬০ বল খেলে মোহাম্মদ নাঈম ৫৩ আর এনামুল হক ৬৮ বল খেলে আউট হন ৬২ রানে। এরপরই অধিনায়ক হৃদয় জুটি বাঁধেন অভিজ্ঞ মুশফিকুর রহিমের সঙ্গে। তাঁরা আর ফিফটিতে থেমে যাননি। দুজন মিলে তৃতীয় উইকেটে গড়েন ১৭৩ রানের জুটি। সেঞ্চুরিও পেয়ে যান দুজনই।

৮ চার ও ৬ ছক্কায় মুশফিক সেঞ্চুরিতে পৌঁছান মাত্র ৫৪ বলে। এটি লিস্ট ‘এ’ ক্রিকেটে তাঁর ১৬তম সেঞ্চুরি। হৃদয়েরও তিন অঙ্ক স্পর্শ করতে বেশি বল লাগেনি। ৬৫ বলে ছুঁয়েছেন লিস্ট ‘এ’ ক্রিকেটের ষষ্ঠ সেঞ্চুরি। মুশফিক ৫৫ বলে ১০০ করে আউট হলেও হৃদয় ৬৬ বলে ১০১ রান করে অপরাজিত থাকেন। হৃদয় আগের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষেও সেঞ্চুরি করেছিলেন। দুই সেঞ্চুরির সুবাদে বৃষ্টির কারণে ৪২ ওভারে নেমে আসা ম্যাচে ৪ উইকেট হারিয়ে ৩৩৩ রান করে মোহামেডান। রান তাড়ায় গাজী গ্রুপ ৪.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৪২ রান তোলার পর আবার বৃষ্টি নামায় ম্যাচ অসমাপ্ত রয়ে গেছে। বাকি খেলা আগামীকাল।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইরফান শুক্কুরের সেঞ্চুরি

সেঞ্চুরি পেয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জের ইরফান শুক্কুরও। বিকেএসপিতে আবাহনীর বিপক্ষে ৯৯ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১১৯ রান করেন এই বাঁহাতি। ৭০ বলে ৭২ রান আসে মেহেদী হাসান মিরাজের ব্যাট থেকে। যদিও বাকিদের ব্যর্থতায় ২৭৫ রানের বেশি করতে পারেনি লিজেন্ডস অব রূপগঞ্জ। রান তাড়ায় আবাহনী ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ৫১ রান করার পর বৃষ্টি নামে।

বাকি ম্যাচেও বৃষ্টি

ভারী বৃষ্টি আর ভেজা আউটফিল্ডের কারণে ইউল্যাব মাঠে বসুন্ধরা স্ট্রাইকার্স আর ঢাকা লেপার্ডের ম্যাচে খেলা হয়েছে ২৭.৫ ওভার। সাইফ হাসানের ৮৭ বলে অপরাজিত ৫৪ রানে ভর করে ২ উইকেটে ১০৬ রান করেছে বসুন্ধরা। ম্যাচের বাকি অংশ আগামীকাল অনুষ্ঠিত হবে।

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে জয়ের কাছাকাছি পৌঁছেছে গুলশান ক্রিকেট ক্লাব। ৪৬ ওভারে নেমে আসা ম্যাচে ২১০ রান করে অলআউট হয় তারা। রান তাড়ায় সিটি ১২ ওভারে ৪২ তুলতে হারিয়েছে ৭ উইকেট।

ক্রিকেটার্স একাডেমিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব ও রূপগঞ্জ টাইগার্সের ম্যাচে বৃষ্টির কারণে খেলা হয়েছে মাত্র ১৭ ওভার। ১ উইকেট হারিয়ে ৭৫ রান তুলেছে আগে ব্যাট করতে নামা প্রাইম ব্যাংক।

দিনের অন্য খেলায় ওয়াকওভার পেয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। পারিশ্রমিক না পাওয়ায় মাঠে নামতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেটাররা।