সাকিব আল হাসান এবার লঙ্কা প্রিমিয়ার লিগে জাফনা কিংসে খেলবেন
সাকিব আল হাসান এবার এলপিএলে জাফনা কিংসে খেলবেন

সাকিব আল হাসান এবার লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলবেন। শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তাঁকে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে জাফনা কিংস।

সাকিবের চুক্তি ও দলের প্রতিক্রিয়া

সাকিবকে দলে নেওয়ার বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। এলপিএলের পক্ষ থেকে সাকিবের কার্ড–সংবলিত এক পোস্টে বলা হয়েছে, ‘বিশ্ব টি-টুয়েন্টির অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যোগ দিলেন জাফনা কিংসে। এলপিএল সামনে রেখে তাঁকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। দলের যখন স্থিতিশীলতা দরকার, তখন ব্যাট হাতে রান এনে দেন সাকিব। ম্যাচে যখন প্রয়োজন হয় ব্রেকথ্রু, তখন বল হাতে তুলে নেন গুরুত্বপূর্ণ উইকেট। আর চাপের মুহূর্তে তাঁর অভিজ্ঞতা ও স্থিরতাই হয়ে ওঠে দলের বড় ভরসা।’

পূর্বের অভিজ্ঞতা ও দলের সাফল্য

শ্রীলঙ্কার এই ফ্র্যাঞ্চাইজি লিগে এর আগেও খেলেছেন সাকিব। ২০২৩ সালের এলপিএলে গল টাইটানসের হয়ে ১০ ম্যাচে ব্যাট হাতে ১৩৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছেন ১১ উইকেট। এবার সাকিব খেলবেন লঙ্কান লিগে সবচেয়ে সফল দলের হয়ে। এখন পর্যন্ত টুর্নামেন্টটি হয়েছে পাঁচবার, এর মধ্যে চারবারই জিতেছে জাফনা কিংস।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এবারের টুর্নামেন্টের সূচি

গত দুই বছর বন্ধ থাকার পর এবার আবারও শুরু হতে যাচ্ছে এলপিএল। এবারের টুর্নামেন্ট শুরু হবে আগামী ১৭ জুলাই। কলম্বোয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে সাকিবের জাফনা কিংস মুখোমুখি হবে গল মার্ভেলসের।

সাকিবের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা

এই টুর্নামেন্ট দিয়ে আবারও প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরবেন সাকিব। বাংলাদেশের এই অলরাউন্ডার সর্বশেষ স্বীকৃত টি-টুয়েন্টি খেলেছেন গত জানুয়ারিতে। তখন আইএল টি-টুয়েন্টিতে মুম্বাই এমিরেটসের হয়ে খেলেন এই অলরাউন্ডার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ