চলতি মৌসুম শেষে ম্যানচেস্টার সিটি ছাড়ছেন কোচ পেপ গার্দিওলা। কয়েকদিন ধরে চলা গুঞ্জন অবশেষে সত্যি হলো। শুক্রবার (২২ মে) এক বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। আগামী রোববার (২৪ মে) অ্যাস্টন ভিলার বিপক্ষে চলতি মৌসুমে সিটি প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচ খেলবে ম্যানসিটি। এই ম্যাচে সিটির হয়ে শেষবার ডাগআউটে দাঁড়াবেন গার্দিওলা।
চুক্তির বিশেষ শর্তে এক বছর আগেই বিদায়
গার্দিওলার সঙ্গে ম্যানচেস্টার সিটির বর্তমান চুক্তির মেয়াদ ছিল ২০২৭ সালের জুন পর্যন্ত। তবে চুক্তিতে থাকা একটি বিশেষ শর্তের (ব্রেক ক্লজ) সুযোগ নিয়ে নির্ধারিত সময়ের এক বছর আগেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন স্প্যানিশ এই কোচ।
সিটির কোচ হিসেবে ২০টি ট্রফি
ম্যানচেস্টার সিটির কোচ হিসেবে ১০ বছরের মোট ২০টি ট্রফি জিতেছেন গার্দিওলা। এর মধ্যে রয়েছে ৬টি প্রিমিয়ার লিগ, ৩টি এফএ কাপ, ৫টি লিগ কাপ, ১টি চ্যাম্পিয়নস লিগ এবং ১টি ক্লাব বিশ্বকাপ শিরোপা।
গার্দিওলার আবেগঘন বিদায়
নিজের বিদায় প্রসঙ্গে আবেগঘন কণ্ঠে গার্দিওলা বলেছেন, ‘আমি কেন চলে যাচ্ছি, সেই কারণ আমাকে জিজ্ঞেস করবেন না। নির্দিষ্ট কোনো কারণ নেই, তবে মনের গভীর থেকে আমি জানি যে এটাই চলে যাওয়ার সঠিক সময়। কোনো কিছুই চিরস্থায়ী নয়; যদি হতো, তবে আমি এখানেই থেকে যেতাম। চিরস্থায়ী হয়ে থাকবে কেবল অনুভূতিগুলো, এখানকার মানুষ, স্মৃতি এবং আমার ম্যানচেস্টার সিটির প্রতি আমার ভালোবাসা।’



