প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বুধবার (২০ মে) এ তথ্য নিশ্চিত করেন।
সিরিজ জয়ের নেপথ্য
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারী পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। এর আগে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্টে ১০৪ রানের জয় পায় বাংলাদেশ। ফলে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের পাশাপাশি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার গৌরব অর্জন করে বাংলাদেশ ক্রিকেট দল।
টেস্ট চ্যাম্পিয়নশিপে অবস্থান
এই জয়ের ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। বাংলাদেশের অর্জন ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট, অন্যদিকে ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছে ভারত।
প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া
প্রধানমন্ত্রী তারেক রহমান মনে করেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে। তিনি আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে।
প্রধানমন্ত্রী খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। বাংলাদেশ ক্রিকেটের এই সাফল্য দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে তিনি মত প্রকাশ করেন।



