মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের বড় লিড, পাকিস্তানের সামনে ৪৩৭ রানের পাহাড়
মুশফিকের সেঞ্চুরিতে বাংলাদেশের বড় লিড, পাকিস্তানের সামনে ৪৩৭

প্রথম ইনিংসে ২৭৮ রানে অলআউট হওয়ার পর অনেকেই ভেবেছিলেন সিলেট টেস্টে শেষ হাসি হাসবেন বাবর, রিজওয়ান ও মাসুদরা। তবে দ্বিতীয় ও তৃতীয় দিনে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশ। টাইগার বোলারদের পর লাক্কাতুরায় ব্যাট হাতে আধিপত্য বিস্তার করেছেন মুশফিক ও লিটনরা। দ্বিতীয় ইনিংসে ৩৯০ রান তুলেছে বাংলাদেশ, ফলে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ৪৩৭ রান। প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পর এই পাহাড়সম লক্ষ্যের নিচে চাপা পড়বে কিনা সফরকারীরা, তা নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা।

তৃতীয় দিনের লড়াই

১১০ রানে তিন উইকেট হারিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিল বাংলাদেশ। তবে গতকাল তৃতীয় দিনে অভিজ্ঞ মুশফিকুর রহিম ও লিটন দাসের ব্যাটে ভর করে বড় সংগ্রহের দিকে এগোয় বাংলাদেশ। প্রথম ইনিংসে সেঞ্চুরি হাঁকানো লিটন গতকাল তুলে নেন নিজের টেস্ট ক্যারিয়ারের ২০তম ফিফটি, খেলেছেন ৬৯ রানের ইনিংস। লিটন ফেরার পরও মুশফিক খেলতে থাকেন চেনা ছন্দে, তুলে নেন নিজের টেস্ট ক্যারিয়ারের ১৪তম সেঞ্চুরি। তাতে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে এককভাবে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক এখন ‘মিস্টার ডিপেন্ডেবল’। ১৩ সেঞ্চুরি নিয়ে এই তালিকার দুই নম্বরে আছেন আরেক অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক।

মিরাজের ব্যর্থতা

পাকিস্তানের বিপক্ষে যেখানে ব্যাট হাতে একের পর এক দুর্দান্ত ইনিংস খেলছেন টাইগার ব্যাটাররা, সেখানে ব্যর্থ মেহেদি হাসান মিরাজ। সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৪ রান করে ফেরার পর দ্বিতীয় ইনিংসে ১৯ রান করে ফিরেছেন ওয়ানডে অধিনায়ক। এর আগে মিরপুর টেস্টে যথাক্রমে ১০ ও ২৪ রান আসে তার ব্যাট থেকে। পুরো সিরিজে চার ইনিংসে এই অলরাউন্ডারের ব্যাট থেকে এসেছে মাত্র ৫৭ রান। তবে শেষদিকে তাইজুল ১৯ রান ও শরীফুল হক ১২ রান করেন, তাতে স্কোরবোর্ডে ৩৯০ রান তোলে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৪৬ রানে পিছিয়ে থাকা পাকিস্তানের জয়ের জন্য প্রয়োজন ৪৩৭ রান, হাতে আছে দুই দিন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দুই শিবিরের আত্মবিশ্বাস

দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে দুই দলের কথাই ছিল আত্মবিশ্বাসের সুর। বাংলাদেশের হয়ে তাইজুল ইসলাম বলেন, ‘উইকেট এখনো খারাপ বলব না। বোলারদের মনোযোগ দিয়ে বল করতে হবে। চতুর্থ ইনিংস বিবেচনায় উইকেট এখনো ভালো। ডিসিপ্লিন থাকলে ম্যাচ আমাদের পক্ষে থাকবে।’ গতকাল মুশফিকের সঙ্গে ৭৭ রানের পার্টনারশিপ করেন তাইজুল। অভিজ্ঞ মুশফিককে নিয়ে তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আমাদের জন্য খুবই ইতিবাচক। একজন সিনিয়র প্লেয়ারের সাথে যখন ড্রেসিংরুম শেয়ার করবেন, তার সাথে যে থাকে তার ব্যাটিং সহজ হয়। আমাকেও অনেক ইনফরমেশন দিচ্ছিলেন। ব্যাটিং করবেন ৫০ শতাংশ, ৩০-৪০ শতাংশ কাজ হয়ে যায়।’

অন্যদিকে পাকিস্তানের পেস বোলিং কোচ উমর গুল পাহাড়সম লক্ষ্য নিয়ে বলেন, ‘৪৩৭ রান চেজ করতে গেলে ব্যাটারদের সাহসী হতে হবে। পিচ খুব একটা খারাপ না। আমরা বড় কিছুর আশা করতে পারি।’ উইকেট প্রসঙ্গে উমর গুল বলেন, ‘সত্যি বলতে উইকেট প্রথম দিন বোলারদের সহায়তা দিয়েছে, ময়েশ্চার ছিল। দ্বিতীয় ও তৃতীয় দিনে পারফেক্টলি ব্যাটিং উইকেট। ব্যাটারদের সহায়তা দিচ্ছে। এখনো পিচ ব্যাটিংয়ের জন্য ভালো।’

চতুর্থ দিনের সম্ভাবনা

প্রথম ইনিংসে মুখ থুবড়ে পড়া পাকিস্তান আজ রানের পাহাড়ের নিচে চাপা পড়ে কিনা, সেটাই এখন দেখার বিষয়। তবে সবমিলিয়ে তাসকিন-নাহিদদের দাপট দেখানোর দিন আজ।