আফগান ক্রিকেটার রহমত শাহর মৃত্যু গুজব, ভুল অনুবাদে বিভ্রান্তি
আফগান ক্রিকেটার রহমত শাহর মৃত্যু গুজব, ভুল অনুবাদে বিভ্রান্তি

আফগানিস্তানের অভিজ্ঞ ক্রিকেটার রহমত শাহর মৃত্যুর খবর সামাজিক মাধ্যম এক্স-এ ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন এবং এটি একটি ভুল অনুবাদের জের ধরে তৈরি হওয়া গুজব।

বিভ্রান্তির সূত্রপাত

বিভ্রান্তির সূত্রপাত হয় আফগান অলরাউন্ডার করিম জানাতের একটি ইনস্টাগ্রাম পোস্ট থেকে। জানাত তার পোস্টে রহমত শাহর একটি ছবি আপলোড করে শোকবার্তা প্রকাশ করেন। এটি দেখেই অনেক সমর্থক ধরে নেন যে এই ডানহাতি ব্যাটার মারা গেছেন। তবে পরবর্তীতে জানা যায়, আসলে রহমত শাহ নিজে নন, বরং তার মা ইন্তেকাল করেছেন। করিম জানাত পশতু ভাষায় রহমতের মায়ের মৃত্যুতেই শোক প্রকাশ করেছিলেন, কিন্তু ইনস্টাগ্রামের স্বয়ংক্রিয় অনুবাদের ভুলের কারণে অর্থ পুরো বদলে যায়।

ইনস্টাগ্রামের ত্রুটিপূর্ণ অনুবাদ

ইনস্টাগ্রামের বিল্ট-ইন ট্রান্সলেশন সিস্টেম পশতু ভাষার মূল বার্তাটি ভুলভাবে ইংরেজিতে অনুবাদ করে। ভুল অনুবাদে লেখা উঠেছিল, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তি খেলোয়াড় রহমত শাহর মৃত্যুর খবর পেয়েছি। এই বড় ট্র্যাজেডি আমাকে এবং সব ক্রিকেট ভক্তকে গভীরভাবে শোকাহত করেছে। একজন ক্রিকেটার হিসেবে আমি রহমত শাহ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই...’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অথচ পশতু ভাষার মূল বার্তাটির সঠিক অনুবাদ ছিল, ‘জাতীয় ক্রিকেট দলের প্রতিভাবান খেলোয়াড় রহমত শাহর শ্রদ্ধেয় মায়ের মৃত্যুর খবর পেয়েছি। এই বড় দুঃখের খবরটি আমাকে এবং সব ক্রিকেট ভক্তকে অত্যন্ত মর্মাহত করেছে। একজন ক্রিকেটার হিসেবে আমি ব্যক্তিগতভাবে রহমত শাহ এবং তার সম্মানিত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও শোক প্রকাশ করছি। আল্লাহ মরহুমাকে জান্নাত নসিব করুন...’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সত্য প্রকাশের পর স্বস্তি

আসল সত্য প্রকাশের পর ক্রিকেট ভক্তরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন। একই সঙ্গে সামাজিক মাধ্যমে কোনো তথ্য যাচাই না করে এ ধরনের সংবেদনশীল গুজব না ছড়ানোর জন্য ব্যবহারকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন অনেকে।

উল্লেখ্য, রহমত শাহ সর্বশেষ গত বছরের নভেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে আফগানিস্তানের হয়ে মাঠে নেমেছিলেন। তবে ইনজুরির কারণে সেই সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটিতে তিনি খেলতে পারেননি।