বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার আসন্ন সাদা বলের সিরিজের সময়সূচি চূড়ান্ত করেছে। আগামী ৫ জুন অস্ট্রেলিয়া দল ঢাকায় পৌঁছাবে। এরপর ৯, ১১ ও ১৪ জুন মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। প্রতিটি ওয়ানডে ম্যাচ সকাল ১১টায় শুরু হবে।
টি-টোয়েন্টি সিরিজ চট্টগ্রামে
ওয়ানডে সিরিজ শেষে দুই দল টি-টোয়েন্টি সিরিজের জন্য চট্টগ্রামে যাবে। ম্যাচগুলো হবে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত টি-টোয়েন্টি ম্যাচগুলো শুরু হবে দুপুর ২টায়।
১৫ বছর পর বাংলাদেশে অস্ট্রেলিয়া
উল্লেখযোগ্য বিষয় হলো, ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০১১ সালে তারা বাংলাদেশ সফর করেছিল। তখন মাইকেল ক্লার্কের নেতৃত্বে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল। বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন সাকিব আল হাসান।



