মোহামেডানের ৯০ বছর পূর্তিতে জমকালো মিলনমেলার উদ্যোগ
মোহামেডানের ৯০ বছর পূর্তিতে মিলনমেলার উদ্যোগ

আজ দুপুরে মতিঝিল ক্লাব ভবনে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নবনির্বাচিত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ক্লাবের সভাপতি বরকতউল্লা বুলু এমপি সাংবাদিকদের সামনে বৈঠকের সিদ্ধান্তগুলো তুলে ধরেন।

৯০ বছর পূর্তি উদযাপন

সিদ্ধান্তগুলোর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য, ১৯৩৬ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম শীর্ষ এই ক্লাবের ৯০ বছর পূর্তি উদ্যাপিত হতে যাচ্ছে এবার। এ উপলক্ষে ক্লাবের সব সদস্য, সাবেক ও বর্তমান দেশি-বিদেশি খেলোয়াড়, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি বৃহৎ মিলনমেলার আয়োজন করা হবে বলে জানান ক্লাব সভাপতি। তিনি বলেন, ‘অনুষ্ঠানের দিনক্ষণ পরবর্তী সময়ে জানানো হবে। মোহামেডানের এই ঐতিহাসিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হবে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে।’

ফ্যান ক্লাব ও জেলা কমিটি

ক্লাবের সমর্থকগোষ্ঠীকে আরও সংগঠিত করতে ইউরোপিয়ান ক্লাবগুলোর আদলে একটি আনুষ্ঠানিক ফ্যান ক্লাব গঠন করারও সিদ্ধান্ত হয়েছে সভায়, যার নাম হবে ‘মোহামেডান ফ্যানস’। এ ছাড়া ক্লাবের জনপ্রিয়তা দেশব্যাপী ছড়িয়ে দিতে এবং তৃণমূলের সমর্থকদের যুক্ত করতে সারা দেশের প্রতিটি জেলায় মোহামেডানের কমিটি গঠন করা হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সাভার স্পোর্টস কমপ্লেক্স

সাভারে মোহামেডানকে সরকার আগেই ২৫ একর জমি বরাদ্দ দিয়েছে। জমিটি পাকাপাকিভাবে বুঝে নেওয়ারও উদ্যোগ নেবে নতুন কমিটি। জমি বুঝে নেওয়ার প্রক্রিয়া শেষে সেখানে একটি আধুনিক স্পোর্টস কমপ্লেক্স করার পরিকল্পনা ক্লাবটির।

মতিঝিলে বাণিজ্যিক ভবন

মতিঝিলে ক্লাব চত্বরে থাকা জায়গা কাজে লাগিয়ে ক্লাবের স্থায়ী আয়ের উৎস তৈরির পুরোনো সিদ্ধান্তও নতুন করে নিয়েছে কমিটি। সেখানে একটি বহুতল ভবন করার অনুমোদন রয়েছে ক্লাবের। এই প্রকল্প বাস্তবায়নে একটি বিশেষ কমিটি গঠন করা হবে, যার প্রধান থাকবেন ঢাকার সাবেক মেয়র, সাবেক মন্ত্রী এবং বর্তমানে সংসদ সদস্য মির্জা আব্বাস।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিভাগীয় কমিটির দায়িত্ব

পর্ষদের প্রথম সভায় ক্লাবের বিভিন্ন খেলার চেয়ারম্যানদের নামও ঘোষণা করা হয়েছে। বিশিষ্ট ব্যবসায়ী মোস্তফা কামালকে ক্লাবের ফুটবল কমিটির চেয়ারম্যান করা হয়েছে। হকি কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন সাজেদ এ এ আদেল এবং ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয়েছে মাসুদুজ্জামানকে। এ ছাড়া ক্লাবের নারী কমিটির চেয়ারম্যান হয়েছেন নিলোফার চৌধুরী মনি এমপি এবং মোস্তাকুর রহমানকে ক্রীড়া পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন কমিটির কর্মকর্তাদের আশা, এই পরিকল্পনা ও নেতৃত্বের মাধ্যমে মোহামেডান তার সোনালি ঐতিহ্য ফিরিয়ে আনতে পারবে।