আগামী ৭ জুন অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন স্থগিত চেয়ে দায়ের করা একটি রিট আবেদন শোনেননি হাইকোর্ট। এ বিষয়ে আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তারা বিসিবি নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না।
আদালতে শুনানি ও রায়
রবিবার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে উপস্থিত ছিলেন সিনিয়র অ্যাডভোকেট মহসীন রশিদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। এদিকে বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।
পরে ব্যারিস্টার মাহিন এম রহমান বলেন, আদালত বলেছেন, আমরা বিসিবি নির্বাচনে কোনও ধরনের হস্তক্ষেপ করবো না।
রিট আবেদনের পটভূমি
এর আগে বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে রিট দায়ের করেছিলেন মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি। এছাড়া গত ১৬ মে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে আরেকটি রিট দায়ের করা হয়। সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাসহ ১২ জন এই রিট আবেদনটি দায়ের করেন।



