বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনে কোনো রকম হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন হাইকোর্ট। রোববার (১৭ মে) বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এ মন্তব্য করেন। আদালত স্পষ্টভাবে বলেন, 'আমরা বিসিবি নির্বাচনে হস্তক্ষেপ করবো না।'
নির্বাচন স্থগিতের রিট খারিজ
এর আগে আগামী ৭ জুন অনুষ্ঠিতব্য বিসিবির নির্বাচন স্থগিত চেয়ে করা রিট আবেদন শোনেননি হাইকোর্ট। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মহসীন রশিদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল। আর বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার মাহিন এম রহমান।
বিসিবি নির্বাচন স্থগিত চেয়ে মোশাররফ হোসেন নামে এক ব্যক্তি আবেদন করেছিলেন। পরে ব্যারিস্টার মাহিন এম রহমান সাংবাদিকদের জানান, আদালত বলেছেন— তারা বিসিবি নির্বাচনে কোনো ধরনের হস্তক্ষেপ করবেন না।
এডহক কমিটি বাতিলের রিট
অন্যদিকে, শনিবার (১৬ মে) তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির ১১ সদস্য বিশিষ্ট এডহক কমিটি বাতিল চেয়ে হাইকোর্টে আরেকটি রিট করা হয়। সাবেক ক্রিকেটার ও বিসিবির কর্মকর্তাসহ মোট ১২ জন এই রিট আবেদন দায়ের করেন।
আবেদনকারীদের মধ্যে দেশের ক্রিকেটের বেশ কয়েকজন পরিচিত মুখ রয়েছেন। উল্লেখযোগ্য হলেন সাবেক ক্রিকেটার আমিনুল ইসলাম বুলবুল, ফারুক আহমেদ ও খালেদ মাসুদ পাইলট।



