শামীমের ছক্কায় শীর্ষে প্রাইম ব্যাংক, সাব্বিরের ফিফটিতে আবাহনীর জয়
শামীমের ছক্কায় শীর্ষে প্রাইম ব্যাংক, সাব্বিরের ফিফটিতে আবাহনীর জয়

বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে দারুণ এক ম্যাচ উপহার দিয়েছে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল প্রাইম ব্যাংক ও মোহামেডান। মোহামেডান ৬ উইকেটে ৩০৩ রান করে, সর্বোচ্চ ৯৯ রান ওপেনার মোহাম্মদ নাঈমের। রান তাড়ায় ৫ বল ও ৩ উইকেট হাতে রেখে লিগে টানা পঞ্চম জয় পেয়েছে প্রাইম ব্যাংক। ওপেনার শাহাদাত হোসেন ১২৩ বলে ১১৮ রান করে জয়ের ভিত গড়ে দেন। তবে ৪৯তম ওভারের প্রথম দুই বলে মোহামেডানের মোহাম্মদ সাইফউদ্দিন ২ উইকেট তুলে নিয়ে প্রাইম ব্যাংকের স্কোর ২৮৯/৭ করে ফেলেন। ওই ওভারের চতুর্থ ও পঞ্চম বলে টানা দুই ছক্কা মেরে সব শঙ্কা দূর করেন শামীম হোসেন। জাতীয় দলের এই ব্যাটসম্যান ২১ বলে ৩৭ রান করে অপরাজিত থাকেন।

সাব্বিরের ফিফটিতে আবাহনীর জয়

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বসুন্ধরা স্ট্রাইকার্সের বিপক্ষে ২১০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪৯ রানেই ৬ উইকেট হারিয়ে ফেলে আবাহনী। সেখান থেকে মাহফুজুর রাব্বিকে নিয়ে ৬১ রানের জুটি গড়ে বর্তমান চ্যাম্পিয়নদের ৪ উইকেটের জয় এনে দেন সাব্বির রহমান। মাহফুজুর ২৭ বলে ২২ ও সাব্বির ৫৪ বলে ৫০ রান করে অপরাজিত ছিলেন। পঞ্চম ম্যাচে তৃতীয় জয় পাওয়া আবাহনীর হয়ে সর্বোচ্চ ৫৭ রান (৫৪ বলে) করেন অধিনায়ক মোসাদ্দেক হোসেন। ৪৪ রানে ৪ উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে জাকের আলীকে (৪৩) নিয়ে ৭৮ রান যোগ করেন মোসাদ্দেক। এর আগে স্ট্রাইকার্সের ইনিংসে সর্বোচ্চ ৮১ রান করেন আমিনুল ইসলাম। আবাহনীর পেসার রোহনাত দৌল্লাহ ৪ উইকেট নেন।

মিঠুনের সেঞ্চুরিতে লেপার্ডসের জয়

পূর্বাচলের ক্রিকেটার্স একাডেমিতে ঢাকা লেপার্ডসের অধিনায়ক মোহাম্মদ মিঠুন ৮৬ বলে ১১২ রান করেন। ৮টি ছক্কা মেরেছেন জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যান। তাঁর দল ৭ উইকেটে ৩৫১ রান করে। জবাবে ব্রাদার্স অলআউট ২৩১ রানে। পাঁচ ম্যাচে তৃতীয় জয় পেয়েছে লেপার্ডস।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শুভাগত-নাসিরে অগ্রণী ব্যাংকের জয়

পিকেএসপিতে প্রিতম কুমারের ৬২ বলে ৭২ রানের ইনিংসে ভর করে গাজী গ্রুপ ক্রিকেটার্স ৮ উইকেটে ২৫২ রান করে। জবাবে ৮৯ রানেই ৫ উইকেট হারায় অগ্রণী ব্যাংক। তবে এরপর ১৩৯ রানের জুটি গড়েন দুই অভিজ্ঞ খেলোয়াড় নাসির হোসেন ও শুভাগত হোম। শুভাগত ৬৭ বলে ৭৮ রান করে আউট হলেও নাসির ৭৯ বলে ৭৮ রান করে দলকে ৪ উইকেটের জয় এনে দিয়ে অপরাজিত থাকেন।

আশিকুরের প্রথম সেঞ্চুরিতে লিজেন্ডসের বড় জয়

ওপেনার আশিকুর রহমান শিবলির লিস্ট ‘এ’ ক্রিকেটে প্রথম সেঞ্চুরিতে ভর করে লিজেন্ডস অব রূপগঞ্জ ৮ উইকেটে ৩৫৪ রান করে। বিকেএসপির চার নম্বর মাঠে এরপর গুলশান ক্রিকেট ক্লাবকে ১০৯ রানে অলআউট করে ২০৫ রানে জিতেছে লিজেন্ডস। পঞ্চম ম্যাচে এটি তাদের তৃতীয় জয়। বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ৩২ রানে ৪ উইকেট নেন।

দুই সেঞ্চুরির ম্যাচে সিটি ক্লাবের জয়

বিকেএসপির তিন নম্বর মাঠে মন্থর ব্যাটিংয়ের মূল্য চুকিয়ে হেরেছে রূপগঞ্জ টাইগার্স। দলটির দুই ওপেনার আবদুল মজিদ ও মাহমুদুল হাসান ১২১ রানের জুটি গড়লেও খেলেছেন ৩১.৫ ওভার। মজিদ ৮৫ বলে ৫২ ও মাহমুদুল ১৪৪ বলে ১০৬ রান করেন। মোহাম্মদ আবদুল্লাহ ৩৭ বলে ৫০ করলেও ৭ উইকেটে ২৪৬ রান করে দল। সিটি ক্লাবের পেসার আবদুল গাফফার সাকলাইন ৩৭ রানে ৬ উইকেট নেন। ওপেনার সাদিকুর রহমানের ৯৫ বলে অপরাজিত ১০৫ রানের ইনিংসে ১০.৩ ওভার ও ৬ উইকেট হাতে রেখে জিতে যায় সিটি ক্লাব। দ্বিতীয় সর্বোচ্চ ৯০ রান করেন এনামুল হক এনাম।