বসুন্ধরা কিংস আবাহনী লিমিটেডকে ২-০ গোলে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ ফুটবল লিগের ২০২৫–২৬ মৌসুমের শিরোপা জিতেছে। বাংলাদেশের শীর্ষ লিগে এটি দলটির ষষ্ঠ শিরোপা। এর আগে সর্বশেষ জিতেছিল ২০২৩–২৪ মৌসুমে।
ম্যাচের বিবরণ
কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচের ৭৪ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজের পেনাল্টি গোল এবং পরের মিনিটে সোহেল রানার বাঁ পায়ের দর্শনীয় গোলে জয় নিশ্চিত করে কিংস। এই জয়ে ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকা নিশ্চিত করেছে ক্লাবটি। টানা পাঁচটি লিগ শিরোপা জয়ের পর গত মৌসুমে তারা শিরোপা হারিয়ে ফেলেছিল মোহামেডানের কাছে।
দর্শক ও প্রতিপক্ষ
আবাহনীকে হারালেই শিরোপা জয়—এমন সমীকরণ নিয়ে মাঠে নামা কিংসকে সমর্থন দিতে গ্যালারিতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে আবাহনীর সামনে সুযোগ ছিল এই ম্যাচ জিতে কিংসকে টপকে যাওয়ার, এবং শেষ ম্যাচে আরামবাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার। তাই আবাহনীরও অনেক সমর্থক এসেছিলেন গ্যালারিতে। কিন্তু লিগের অঘোষিত ফাইনালের তকমা পাওয়া ম্যাচটায় গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি আবাহনী। আবাহনী যে ভুল করেছে, তা করেনি কিংস।
এই হারের ফলে ২০১৭-১৮ মৌসুমের পর লিগ জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো আকাশি নীলেদের। ১৭ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আবাহনী।



