মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট জয়ের পর আইসিসির সর্বশেষ টেস্ট র্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে বাংলাদেশের একাধিক ক্রিকেটারের। চলমান ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে এটি ছিল বাংলাদেশের প্রথম জয়। ১০৪ রানের এই স্মরণীয় জয়ে ব্যাট হাতে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
নাজমুল হোসেন শান্তর র্যাঙ্কিং উন্নতি
ম্যাচসেরা হওয়া এই ব্যাটার প্রথম ইনিংসে করেন ক্যারিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি। দ্বিতীয় ইনিংসেও খেলেছেন গুরুত্বপূর্ণ ৮৭ রানের ইনিংস। দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টেস্ট ব্যাটারদের সর্বশেষ র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ এগিয়ে যৌথভাবে ২৩তম স্থানে জায়গা করে নিয়েছেন বাঁহাতি ব্যাটার। পাশাপাশি ক্যারিয়ার সেরা রেটিংও অর্জন করেছেন।
মুশফিকুর রহিম ও মুমিনুল হকের উন্নতি
পাকিস্তানের বিপক্ষে ভালো পারফরম্যান্সের সুবাদ পেয়েছেন বাংলাদেশের আরও দুই ব্যাটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক। মুশফিক দুই ধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন। আর ১২ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৫তম স্থানে জায়গা করে নিয়েছেন মুমিনুল।
বোলারদের র্যাঙ্কিংয়েও উন্নতি
বোলারদের র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে। পাকিস্তানের দুই ইনিংসেই দুটি করে উইকেট নেওয়া তাইজুল ইসলাম তিন ধাপ এগিয়ে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে উঠে এসেছেন ১৩তম স্থানে।
২০২৪ সালের পর প্রথম টেস্ট খেলতে নেমে নিজের জাত চিনিয়েছেন পেসার তাসকিন আহমেদ। ম্যাচে চার উইকেট নেওয়ার সুবাদে আবার র্যাঙ্কিংয়ে ফিরেছেন। তার অবস্থান এখন ৪৮তম।
উন্নতি হয়েছে ডানহাতি পেসার নাহিদ রানারও। দ্বিতীয় ইনিংসে ম্যাচের ভাগ্য গড়ে দেওয়া পাঁচ উইকেট শিকারের পর পাঁচ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে উঠে এসেছেন।



