ঈদযাত্রায় নৌপথে ভাড়া ১০ শতাংশ কমানো হয়েছে: প্রতিমন্ত্রী
ঈদযাত্রায় নৌপথে ভাড়া ১০ শতাংশ কমানো

ঈদযাত্রায় নৌপথে ভাড়া ১০ শতাংশ কমানো হয়েছে: প্রতিমন্ত্রী

ঈদুল ফিতর উপলক্ষে নৌপথে যাত্রীদের স্বস্তিদায়ক ভ্রমণ নিশ্চিত করতে লঞ্চের নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ শতাংশ কম ভাড়া নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি বলেছেন, ‘ঈদের আগেই লঞ্চ মালিকদের সঙ্গে আলোচনা করে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০ শতাংশ কম নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সে অনুযায়ী ঈদযাত্রায় ভাড়া নেওয়া হয়েছে। আবার ফিরতি যাত্রাতেও ১০ শতাংশ কম নেওয়া হচ্ছে। এই কারণে এবার নৌপথের যাত্রীরা খুশি।’

পটুয়াখালী লঞ্চঘাট পরিদর্শন

সোমবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৪টার দিকে পটুয়াখালী লঞ্চঘাট পরিদর্শনে এসে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। লঞ্চঘাটে অবস্থানরত ঢাকাগামী কয়েকটি লঞ্চে উঠে যাত্রীদের সঙ্গে কথা বলেন তিনি। বেশি ভাড়া আদায় করা হচ্ছে কিনা সে ব্যাপারে খোঁজ নিয়ে কয়েকজন যাত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা দায়িত্ব নিয়েছি রমজান মাসে। যে কারণে আমাদের প্রধান দায়িত্ব ছিল ঈদযাত্রা নির্বিঘ্নে করার। সেই লক্ষ্যেই আমরা মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে কম ভাড়া আদায়ের নির্দেশ দিয়েছি। পটুয়াখালী থেকে ৪৫০ টাকা ভাড়া নেওয়া হচ্ছে। যা আগে ৫০০ টাকা নেওয়া হতো।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লঞ্চঘাটের পরিবেশ ও নাব্যতা সংকট

লঞ্চঘাটের পরিবেশ দেখে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেন, ‘লঞ্চঘাটের পরিবেশ ভালো। তবে নদীতে নাব্যতার যে সংকট আছে, তা আগামী ৭ এপ্রিলের মধ্যে সমাধান করার নির্দেশনা দিয়েছি।’

এ সময় জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, পটুয়াখালী নৌবন্দরের উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ