বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি চারদিনব্যাপী বিশেষ আয়োজনের মাধ্যমে কবিগুরুর সৃষ্টিকর্ম উপস্থাপন করবে। আগামী ৮ থেকে ১১ মে পর্যন্ত জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী দিনের অনুষ্ঠানসূচি
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ৮ মে বিকাল সাড়ে ৫টায় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল এমপি। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এবং সভাপতিত্ব করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক ও কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। স্বাগত বক্তব্য প্রদান করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে রবীন্দ্রনাথের রচিত সংগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হবে।
দ্বিতীয় দিনের আয়োজন
৯ মে দ্বিতীয় দিন বিকাল সাড়ে ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি। সভাপতিত্ব করবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা। স্বাগত বক্তব্য প্রদান করবেন শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন মোহাম্মদ জাকির হোসেন। পরিবেশিত হবে রবীন্দ্রসংগীত, নৃত্য ও আবৃত্তি।
তৃতীয় দিনের কর্মসূচি
১০ মে তৃতীয় দিন বিকাল ৫টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ডা. জাহেদ উর রহমান। সভাপতিত্ব করবেন কানিজ মওলা। স্বাগত বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করবেন যথাক্রমে শেখ রেজাউদ্দিন আহমেদ ও মোহাম্মদ জাকির হোসেন। একই দিন বিকাল সাড়ে ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিকেল ৫টায় জাতীয় চিত্রশালা ভবনের গ্যালারি-২ এ ‘রবির চিত্র চিত্রে রবী’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনীর উদ্বোধন হবে। প্রদর্শনীটি ২৩ মে ২০২৬ পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
সমাপনী দিন
১১ মে সমাপনী দিন সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রুহুল কবীর রিজভী। সভাপতিত্ব করবেন কানিজ মওলা এবং স্বাগত বক্তব্য প্রদান করবেন শেখ রেজাউদ্দিন আহমেদ। আলোচনা শেষে নাট্যদল প্রাচ্যনাট মঞ্চস্থ করবে নাটক ‘অচলায়তন’, নির্দেশনায় আজাদ আবুল কালাম।
এছাড়া দেশের সকল জেলা শিল্পকলা একাডেমিতে কবিগুরুর স্মরণে আলোচনা ও তার সৃষ্টিকর্ম নিয়ে নানান অনুষ্ঠানমালা পরিবেশিত হবে। সকল আয়োজন উন্মুক্ত থাকবে।



