ঈদুল আজহায় চট্টগ্রামের প্রধান জামাত জমিয়াতুল ফালাহ ময়দানে
ঈদুল আজহায় চট্টগ্রামের প্রধান জামাত জমিয়াতুল ফালাহয়

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে চট্টগ্রাম নগরের জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এই আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। টানা বৃষ্টির পূর্বাভাস থাকায় এবার বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। মুসল্লিদের যাতে ভোগান্তি না হয়, সে জন্য শামিয়ানার ওপর ত্রিপল বিছানো হয়েছে।

মেয়রের পরিদর্শন

মঙ্গলবার দুপুরে সিটি মেয়র শাহাদাত হোসেন জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণ পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের জানান, ‘আমরা ধরে নিচ্ছি ঈদের দিনও বৃষ্টি হতে পারে। তাই মুসল্লিদের কথা বিবেচনায় রেখে সব ধরনের প্রস্তুতি রাখা হয়েছে। বৃষ্টি হলেও যাতে নামাজ আদায়ে সমস্যা না হয়, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

প্রস্তুতির বিবরণ

সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, জমিয়াতুল ফালাহ ময়দানে প্রায় ৬৫ হাজার বর্গফুট এলাকাজুড়ে বিশাল প্যান্ডেল নির্মাণ করা হয়েছে। নিচে কার্পেট বিছানো হয়েছে। বৃষ্টির পানি ঠেকাতে শামিয়ানার ওপর ত্রিপল টানানো হচ্ছে। এ ছাড়া ১৪০টি সিলিং ফ্যান, ৬০টি স্ট্যান্ড ফ্যান, পর্যাপ্ত আলোকসজ্জা, ৭০টি মাইক এবং নিরাপত্তার জন্য ৩০টি সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা রাখা হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সরেজমিনে দেখা গেছে, শ্রমিকেরা শামিয়ানার ওপর ত্রিপল টানিয়ে দিচ্ছেন। বাঁশের খুঁটি ও অন্যান্য কাঠামো আরও শক্ত করে বাঁধা হচ্ছে। বৃষ্টির পানিতে মাঠের কিছু অংশ কর্দমাক্ত হয়ে পড়ায় সেখানে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করছেন সিটি করপোরেশনের কর্মীরা।

জামাতের সময় ও ইমাম

মেয়র জানান, প্রতিবছরের মতো এবারও ২০ থেকে ২৫ হাজার মুসল্লি কেন্দ্রীয় জামাতে অংশ নিতে পারেন। সে কারণে দুটি জামাতের সময় নির্ধারণ করা হয়েছে। প্রথম ও প্রধান জামাত অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার সকাল ৭টায়। দ্বিতীয় জামাত হবে সকাল ৮টায়। মাঠে নামাজ আদায় সম্ভব না হলে মসজিদের ভেতরেও জামাতের ব্যবস্থা রাখা হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রথম জামাতে ইমামতি করবেন জমিয়াতুল ফালাহ মসজিদের খতিব আল্লামা সৈয়দ আবু তালেব মোহাম্মদ আলাউদ্দীন আল কাদেরী। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের জ্যেষ্ঠ পেশ ইমাম হাফেজ মাওলানা মোহাম্মদ আহমদুল হক।

অন্যান্য মসজিদে জামাত

সিটি করপোরেশনের তত্ত্বাবধানে নগরের আরও নয়টি মসজিদে সকাল ৮টায় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে লালদীঘি শাহি জামে মসজিদ, শেখ ফরিদ (রহ.) চশমা ঈদগাহ মসজিদ, সুগন্ধা আবাসিক এলাকা জামে মসজিদ, চকবাজার সিটি করপোরেশন জামে মসজিদ, জহুর হকার্স মার্কেট জামে মসজিদ, দক্ষিণ খুলশী ভিআইপি আবাসিক এলাকা জামে মসজিদ, আরেফীন নগর কেন্দ্রীয় কবরস্থান জামে মসজিদ, সাগরিকা গরুর বাজার জামে মসজিদ এবং মা আয়েশা সিদ্দিকা (রা.) চসিক জামে মসজিদ।

পরিদর্শনকালে সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আবহাওয়ার পূর্বাভাস

চট্টগ্রামের আমবাগান আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন ঘণ্টায় ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। মৌসুমি বায়ু সক্রিয় থাকায় আগামী কয়েক দিনও বৃষ্টি অব্যাহত থাকতে পারে।