বলিউড অভিনেত্রী মালাইকা অরোরার ফিটনেস অনেকের জন্যই অনুপ্রেরণা। বয়স বাড়লেও তিনি নিজেকে কতটা ফিট ও প্রাণবন্ত রাখেন, তা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। নিয়মিত শরীরচর্চার পাশাপাশি তার স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসও এক্ষেত্রে বড় ভূমিকা রাখে। বিশেষ করে দিনের শুরুতে কিছু পুষ্টিকর খাবার খাওয়ার অভ্যাসই তাকে সুস্থ ও ফিট থাকতে সহায়তা করে।
সকালের স্মুদি
সকালে মালাইকা প্রায়ই বিভিন্ন ফল, স্ট্রবেরি ও ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি ‘স্মুদি’ পান করেন। প্রোটিন ও ভিটামিনসমৃদ্ধ এই পানীয় শরীরকে ভেতর থেকে পুষ্টি জোগায় এবং পেশি শক্তিশালী রাখতে সাহায্য করে।
পালং শাকের অমলেট
পালং শাকের অমলেটও তার পছন্দের খাবারের তালিকায় রয়েছে। পালং শাক ও ডিম—দুই খাবারেই প্রচুর প্রোটিন থাকায় এটি দীর্ঘ সময় শক্তি জোগাতে কার্যকর। নিয়মিত শরীরচর্চার জন্য প্রয়োজনীয় শক্তিও পাওয়া যায় এই খাবার থেকে।
গ্রিক ইয়োগার্ট ও ড্রাই ফ্রুটস
মালাইকা প্রায় প্রতিদিন গ্রিক ইয়োগার্টের সঙ্গে ড্রাই ফ্রুটস খান। গ্রিক ইয়োগার্টে থাকা প্রোটিন ও ড্রাই ফ্রুটসের ফাইবার ওজন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে।
ডাইজেস্টিভ শট
হজমশক্তি বাড়াতে তিনি বিশেষ একটি ‘ডাইজেস্টিভ শট’ পান করেন। জিরা, মৌরি ও মেথি রাতে পানিতে ভিজিয়ে রেখে সকালে হালকা গরম করে লেবুর রস মিশিয়ে পান করেন তিনি। এটি অ্যাসিডিটি কমাতে ও হজম ভালো রাখতে সাহায্য করে।
গ্লো শট ও গ্রিন জুস
ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে মালাইকা নিয়মিত অ্যালোভেরা জেল, চিয়া সিডস ও পানি দিয়ে তৈরি ‘গ্লো শট’ পান করেন। পাশাপাশি শসা, সেলারি ও গ্রিন অ্যাপল দিয়ে তৈরি গ্রিন জুসও তার দৈনন্দিন খাদ্য তালিকায় রয়েছে।



