ভারতীয়দের মধ্যে আয়রনের ঘাটতি এতটাই বেশি যে, প্রতি চারজন নারীর মধ্যে তিনজনই এই সমস্যায় ভোগেন। তবে খাদ্যাভ্যাস ও অন্যান্য অভ্যাসে ছোট পরিবর্তন এনে এই ঘাটতি কাটানো সম্ভব। এমনই মতামত দিয়েছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর ও আলিয়া ভাটের মতো তারকাদের পুষ্টিবিদ রুজুতা দিবেকর।
শরীরে সবসময় ক্লান্তি, ত্বক ফ্যাকাসে হয়ে যাওয়া, চুল পড়ার সমস্যা বৃদ্ধি—এসব উপসর্গ অনেক সময় সাধারণ সমস্যা ভেবে এড়িয়ে যান অনেকে। অথচ এগুলো হিমোগ্লোবিন কমে যাওয়ার প্রথম লক্ষণ হতে পারে। হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানোর জন্য কিছু অভ্যাস রপ্ত করা জরুরি।
মৌসুমি ফল
প্রতিদিন টাটকা মৌসুমি ফল খাওয়া উচিত। বর্তমানে বাজারে আমের মতো ফলে ভরপুর। রুজুতা জানান, ভিটামিন সি সমৃদ্ধ আম, পেয়ারা ইত্যাদি ফল খেলে শরীরে আয়রনের ঘাটতি মেটে। কারণ ভিটামিন সি শরীরে আয়রন শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যা হিমোগ্লোবিন বাড়াতে সহায়তা করে।
ডাল
মুগ, অড়হর বা অন্যান্য ডাল থেকে অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন বি ও ফাইবার পাওয়া যায়। এই উপাদানগুলো শরীরে আয়রনের ব্যবহার কার্যকর করে। তবে শুধু ডাল খেলেই হবে না, ভাত বা রুটির সঙ্গে খেলে পুষ্টির ভারসাম্য বজায় থাকে। রুজুতার মতে, শুধু স্প্রাউটস খেলে পুষ্টির শোষণ ভালো হয় না।
দই
গরমের সময় দই, লস্যি, ছাসের মতো খাবার খাওয়া দরকার। এগুলো ভিটামিন বি১২-এর মাত্রা বাড়াতে সাহায্য করে, যা আয়রন শোষণ ও হিমোগ্লোবিন তৈরির জন্য গুরুত্বপূর্ণ। তবে এক্ষেত্রেও মূল খাবারের অনুষঙ্গ হিসেবে খেতে হবে; খালি দই খেলে সম্পূর্ণ পুষ্টি পাওয়া যায় না।
কাবলি ছোলা ও গুড়
প্রাচীন একটি পদ্ধতির কথা উল্লেখ করেন পুষ্টিবিদ রুজুতা। শরীরে আয়রন শোষণের জন্য ছোলা ও গুড় খেলে উপকার মেলে। এই দুইয়ের সংমিশ্রণ শরীরে আয়রনের মাত্রা বাড়াতে সাহায্য করে।
অ্যাপ্রিকট
দিনে একবার অ্যাপ্রিকট খাওয়া প্রয়োজন বলে মত রুজুতার। এটি আয়রনের ঘাটতি মেটাতে পারে।
আলিভ লাড্ডু
গার্ডেন ক্রেস গাছ থেকে হালিম বীজ পাওয়া যায়, যার অপর নাম আলিভ বীজ। ছোট, লালচে-বাদামি রঙের এই বীজের স্বাদ গোলমরিচের মতো। এটি আয়রনের উদ্ভিজ্জ উৎস, তাই নিরামিষাশীদের কাছে অগ্রাধিকার পায়। এটি দিয়ে লাড্ডু বানিয়ে খাওয়া যায়।
লোহার কড়াইয়ের ব্যবহার
বাড়িতে লোহার তৈরি কড়াই, প্যান, হাতা, খুন্তি ব্যবহার শুরু করুন। রান্নার পাত্র হিসেবে লোহার বাসন ব্যবহার করলে খাবারে অল্প পরিমাণে আয়রন মিশে যায়, যা দীর্ঘমেয়াদে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে।



