কিশোরগঞ্জের তাড়াইলে চিকনী আউজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণির ক্লাস চলাকালে ছাদের পলেস্তারাসহ একটি চলন্ত বৈদ্যুতিক পাখা (ফ্যান) ছিঁড়ে মেঝেতে আছড়ে পড়েছে। সোমবার (২৯ জুন) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে। মাত্র কয়েক সেকেন্ড ও কয়েক ইঞ্চির ব্যবধানে একটি বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন ক্ষুদে শিক্ষার্থী ও তাদের শিক্ষিকা।
ঘটনার বিবরণ
বিদ্যালয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালে প্রথম শ্রেণির কক্ষে পাঠদান করাচ্ছিলেন একজন শিক্ষিকা। শিক্ষার্থীরা পড়াশোনায় মগ্ন ছিল। হঠাৎ বিকট শব্দে ছাদের পলেস্তারা খসে পড়ে এবং ঘুরতে থাকা বৈদ্যুতিক পাখাটি ছিঁড়ে সরাসরি মেঝেতে আছড়ে পড়ে।
সৌভাগ্যবশত কেউ হতাহত হয়নি
সৌভাগ্যবশত, পাখাটি শিক্ষিকার টেবিল ও শিক্ষার্থীদের বসার বেঞ্চের মাঝখানের ফাঁকা জায়গায় পড়ে। ফলে কেউ হতাহত হয়নি। তবে এ ঘটনায় শিশুরা প্রচণ্ড ভয় পেয়ে যায়।
প্রধান শিক্ষকের বক্তব্য
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম ভূঞা বলেন, “পাঠদান চলাকালে হঠাৎ ছাদের পলেস্তারাসহ বৈদ্যুতিক পাখাটি খুলে পড়ে। আল্লাহর রহমতে শিক্ষক বা শিক্ষার্থীদের গায়ে লাগেনি, সবাই অক্ষত আছে। আমি দুর্ঘটনার পর কক্ষের ভিডিও ধারণ করেছি এবং বিষয়টি নিয়ে জরুরি আলোচনার জন্য উপজেলা সদরে এসেছি। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এনামুল হক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা আখতারকে বিষয়টি অবহিত করে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানাব।”
বিদ্যালয়ের জরাজীর্ণ অবস্থা নিয়ে উদ্বেগ
এ ঘটনার পর বিদ্যালয়ের জরাজীর্ণ ভবন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে। তারা দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।



