পুরান ঢাকায় শুরু হয়েছে পবিত্র আশুরার তাজিয়া মিছিল, শোকে কাতর হাজারো মানুষ
পুরান ঢাকায় শুরু পবিত্র আশুরার তাজিয়া মিছিল

আজ শুক্রবার সকাল ১০টায় পুরান ঢাকার মোগল আমলের ঐতিহাসিক স্থাপনা হোসেনি দালান ইমামবাড়া থেকে শুরু হয়েছে পবিত্র আশুরার তাজিয়া মিছিল। হিজরি ৬১ সনের ১০ মহররম কারবালার প্রান্তরে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যদের শাহাদাতের স্মরণে এই মিছিলের আয়োজন করা হয়।

শোকের পোশাকে হাজারো মানুষ

মিছিলে দেশের শিয়া সম্প্রদায়ের হাজারো মানুষ অংশ নিয়েছেন। শোকের প্রতীক হিসেবে অধিকাংশের পরনে কালো পোশাক। অনেকের হাতে ছিল নিশান, আলম, দুলদুল ঘোড়ার প্রতীক, পাঞ্জাসহ বিভিন্ন ধর্মীয় প্রতীক। অংশগ্রহণকারীরা বুক চাপড়ে মাতম করেন এবং 'ইয়া হোসাইন' ধ্বনিতে পুরো এলাকা মুখর করে তোলেন।

অংশগ্রহণকারীদের অনুভূতি

কেরানীগঞ্জ থেকে আসা আবু হোসেন প্রথম আলোকে বলেন, 'কারবালার প্রান্তরে এই দিনেই ইমাম হোসাইন (রা.) ইয়াজিদ বাহিনীর হাতে শহীদ হন। ইসলামের ইতিহাসে এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। তাই আজ আমাদের জন্য শোকের দিন, দুঃখের দিন, মাতমের দিন।'

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নবাবগঞ্জের মোহাম্মদ স্বপন পরিবারের সদস্যদের নিয়ে মিছিলে অংশ নিয়েছেন। তাঁর ছোট সন্তানেরাও ছিল। তিনি বলেন, 'কারবালার ইতিহাস নতুন প্রজন্মকে জানাতেই তাদের নিয়ে এসেছি। সন্তানদের প্রকৃত ইতিহাস জানাতে চাই। সচেতন রাখতে চাই।'

মিছিলের পথ ও কর্মসূচি

হোসেনি দালান ইমামবাড়া মহররম মিছিল কমিটির আহ্বায়ক এম এম ফিরোজ হোসেন প্রথম আলোকে বলেন, 'কারবালার ইতিহাস ছিল সত্যের পক্ষে দাঁড়িয়ে ইমাম হোসাইন (রা.)-এর জীবন উৎসর্গের ইতিহাস। আজ এই দিনে প্রার্থনা করি, সমাজ থেকে যেন সব অন্যায়–অনাচার দূর হয়। শান্তি বর্ষিত হয়।' তিনি আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য সমাজের প্রত্যাশা করেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মিছিলটি ইমামবাড়া থেকে বকশীবাজার, উর্দু রোড, লালবাগ, আজিমপুর, নীলক্ষেত, নিউমার্কেট, সায়েন্স ল্যাব, জিগাতলা হয়ে ধানমন্ডি লেকে যাবে। সেখানে প্রতীকী তাজিয়া বিসর্জনের মধ্য দিয়ে দিনের একটি গুরুত্বপূর্ণ পর্ব শেষ হবে।

শিরনি বিতরণ ও বিশেষ মজলিশ

বাদ জুমা হোসেনি দালানে 'ফাকা শিকানি' নামে পরিচিত শিরনি বিতরণ করা হবে। সন্ধ্যায় 'সামে গারিবা' নামে বিশেষ মজলিশ অনুষ্ঠিত হবে। এ সময় কারবালার মর্মান্তিক ঘটনার স্মরণে ইমামবাড়ার আলো নিভিয়ে শোক পালন করা হবে।

রাজধানীর অন্যান্য ইমামবাড়ায় কর্মসূচি

হোসেনি দালান ছাড়াও রাজধানীতে প্রায় ৩০টি ছোট-বড় ইমামবাড়া রয়েছে। মহররম উপলক্ষে বড় কাটারা ইমামবাড়া, মোহাম্মদপুরের শিয়া মসজিদসংলগ্ন ইমামবাড়া, পুরানা পল্টন ইমামবাড়া ও মগবাজার ইমামবাড়ায়ও দিনব্যাপী কর্মসূচি রয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা

সার্বিক নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করে ফিরোজ হোসেন বলেন, 'প্রশাসনকে আমরা ধন্যবাদ জানাই, তারা সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর।' মিছিল নির্বিঘ্ন করতে সোয়াটসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান দেখা গেছে।