মা দিবসে ব্যতিক্রমী আয়োজনে শিক্ষার্থীদের পা ধোয়া
মা দিবসে ব্যতিক্রমী আয়োজনে শিক্ষার্থীদের পা ধোয়া

বিশ্ব মা দিবসে ব্যতিক্রমী আয়োজনে মায়েদের পা ধুয়ে ভালোবাসা ও শ্রদ্ধা জানিয়েছে শতাধিক শিক্ষার্থী। শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের সেঁজুতি অঙ্গনে রোববার (১০ মে) সকালে অনুষ্ঠিত এ আয়োজন ঘিরে তৈরি হয় আবেগঘন পরিবেশ। মায়েদের ত্যাগ, শ্রম ও সন্তান লালন-পালনে তাদের অবদানের স্বীকৃতি জানাতেই ‘মা আশ্রয়ের একটাই ঠিকানা’ শিরোনামে একুশে পাঠচক্রের ১৩২তম আসরের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব ও উদ্বোধন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক শান্তি সাহা। উদ্বোধন করেন পাহাড়ি জনপদে দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধাত্রীসেবায় নিয়োজিত নূর জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করেন একুশে দ্যুতি ও চন্দ্রিকা দ্যুতি। শুরুতে মা দিবস উপলক্ষে প্রকাশিত ধারাবাহিক দেয়ালিকা অক্ষরপত্রের মোড়ক উন্মোচন করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী আঞ্জুমান আরা বেগম।

মায়েদের পা ধোয়া ও উত্তরীয় পরানো

পরে সারিবদ্ধভাবে বসা মায়েদের পা ধুয়ে দেয় শিশুরা। এ সময় মায়েদের উত্তরীয় পরিয়ে দেন শিক্ষক ও অতিথিরা। সন্তানদের এমন সম্মান ও ভালোবাসায় আবেগাপ্লুত হয়ে পড়েন অনেক মা। অনুষ্ঠানে মা নিয়ে স্মৃতিচারণ করেন অতিথিরা। তারা বলেন, ছোটবেলা থেকেই সন্তানদের মধ্যে মা-বাবার প্রতি শ্রদ্ধাবোধ গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

শিক্ষার্থী ও অভিভাবকের প্রতিক্রিয়া

শিক্ষার্থী সাব্বির বলে, “আমি মাকে অনেক ভালোবাসি। মা আমাদের জন্য অনেক কষ্ট করে। আজ মায়ের পা ধুয়ে দিতে পেরে খুব ভালো লাগছে।” অভিভাবক তাসমেরী বলেন, সন্তানের কাছ থেকে এমন ভালোবাসা পেয়ে তিনি আবেগাপ্লুত। ছোটবেলা থেকে শিশুদের যা শেখানো হবে, বড় হয়ে তারা তাই করবে। মাসিক ভাঁজপত্র কণ্ঠস্বরের প্রধান সম্পাদক জয়জিৎ দত্ত শ্যামল বলেন, বর্তমান সময়ে অনেক বাবা-মা অবহেলার শিকার হন। এ ধরনের আয়োজন সন্তানদের দায়িত্ববোধ ও মানবিকতা শেখাতে সহায়ক হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অন্যান্য অতিথি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রভাষক স্বপ্না চক্রবর্তী, বিপ্লব দে কেটু, মনিরুল ইসলাম মনির, সাইফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠান শেষে শিক্ষার্থীরা কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন করে।