বিবিসির জনপ্রিয় টেলিভিশন রান্নাবিষয়ক প্রতিযোগিতা মাস্টারশেফে অংশ নিয়েছেন আরেক বাংলাদেশি বংশোদ্ভূত প্রতিযোগী রক্সি খানম। বার্মিংহামে জন্ম নেওয়া এই ব্রিটিশ-বাংলাদেশির বাবা-মা বাংলাদেশি অভিবাসী। সেখানেই তাঁর শৈশব ও শিক্ষাজীবন কেটেছে। বর্তমানে ৩৭ বছর বয়সী রক্সি ফাইন্যান্স খাতে সিনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত। তবে পেশার বাইরে রান্নাই তাঁর সবচেয়ে বড় আবেগ ও মানসিক প্রশান্তির উৎস।
পরিবার ও পরিচিতি
পরিবার ও ঘনিষ্ঠজনদের কাছে তিনি ‘রুকু’ নামে পরিচিত। প্রয়াত চাঁদ মিয়ার সর্বকনিষ্ঠ মেয়ে রক্সি স্বামীর সঙ্গে ইংল্যান্ডের রিডিং শহরে বসবাস করেন। তাঁর রান্নার গল্প শুধু একজন প্রতিযোগীর নয়, বরং ব্রিটেনে বাংলাদেশি অভিবাসীদের কয়েক প্রজন্মের রন্ধন ঐতিহ্যের প্রতিফলন। তাঁর পরিবারের ইতিহাস যুক্তরাজ্যে বাংলাদেশি ‘কারি সংস্কৃতি’ গড়ে ওঠার সঙ্গে গভীরভাবে জড়িত।
পারিবারিক ঐতিহ্য
পরিবারের তথ্য অনুযায়ী, রক্সির দাদা হান্দু মিয়া ১৯০৬ সালে ব্রিটিশ নৌজাহাজে কাজ করার জন্য বিদেশযাত্রা করেন। প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯১৮ সালে তাঁকে যুক্তরাজ্যে কারখানায় কাজের জন্য পাঠানো হয়। সে সময় তিনি মাতৃভূমির ঐতিহ্যবাহী মসলা ও রান্নার কৌশল সঙ্গে নিয়ে আসেন। ষাটের দশকে রক্সির বাবা বার্মিংহামে দক্ষিণ এশীয় রেস্তোরাঁ শিল্পের অন্যতম পথিকৃৎ হিসেবে আত্মপ্রকাশ করেন। বাংলাদেশে তাঁদের পারিবারিক বাড়ি মৌলভীবাজার জেলার সদর উপজেলায়।
রান্নার দর্শন
প্রথম আলোর সঙ্গে আলাপকালে রক্সি বলেন, তাঁর রান্নার ধরন ‘ঐতিহ্য, কৌতূহল, ভালোবাসা এবং নতুন চ্যালেঞ্জ নেওয়ার মিশ্রণ’। একদিন তিনি ক্ল্যাসিক ব্রিটিশ সানডে রোস্ট রান্না করেন, আবার পরদিন তৈরি করেন ঐতিহ্যবাহী বাঙালি খাবার। পুরোনো পারিবারিক রেসিপির পাশাপাশি টেলিভিশনের রান্নাবিষয়ক অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকেও অনুপ্রেরণা নেন। জিরা রক্সির ‘সিগনেচার মসলা’ এবং ধনেপাতা তাঁর সবচেয়ে প্রিয় উপকরণ। তাঁর ভাষায়, ‘এই উপাদানগুলো ব্রিটিশ ও দক্ষিণ এশীয় রান্নার মধ্যে স্বাদের একধরনের সেতুবন্ধন তৈরি করে।’
শৈশবের স্মৃতি
রান্নার প্রতি তাঁর ভালোবাসা শৈশব থেকেই। রক্সি বলেন, তাঁর মা যখন রান্না করতেন, তখন পাশে বসে দেখতেন। ছোট ছোট টিন ও কাঠের হাঁড়ি-পাতিল দিয়ে তিনিও মায়ের রান্নার অনুকরণ করতেন। পরিবারের সঙ্গে টেলিভিশনে রান্নার অনুষ্ঠান দেখা ছিল তাঁর শৈশবের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে ব্রিটিশ শেফ রিক স্টেইনের অনুষ্ঠান তাঁদের পরিবারে খুবই প্রিয় ছিল।
বিয়ের পর সম্প্রসারণ
বিয়ের পর রক্সির রন্ধন ঐতিহ্যের পরিধি আরও বিস্তৃত হয়। তাঁর শ্বশুর মুজাম্মিল আলী ইংল্যান্ডের সোয়িনডনের খ্যাতনামা ‘জুয়েল ইন দ্য ক্রাউন’ রেস্তোরাঁর মালিক। দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ডের অন্যতম পুরোনো এই রেস্তোরাঁ রন্ধনশিল্পে অবদানের জন্য বহু পুরস্কার অর্জন করেছে।
মাস্টারশেফে অংশগ্রহণ
মাস্টারশেফে অংশ নেওয়ার সিদ্ধান্ত সম্পর্কে রক্সি বলেন, এটি ছিল তাঁর দীর্ঘদিনের স্বপ্ন। পরিবার ও বন্ধুরা তাঁকে বছরের পর বছর ধরে উৎসাহ দিয়ে এসেছে। তাঁর মতে, মাস্টারশেফ শুধু রান্নার দক্ষতা প্রদর্শনের একটি মঞ্চ নয়; বরং এটি শেখা, নিজেকে আরও উন্নত করা এবং নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচনের সুযোগ।
ভবিষ্যৎ পরিকল্পনা
ভবিষ্যতে খাদ্য ও স্বাস্থ্য শিক্ষা নিয়ে কাজ করার ইচ্ছার কথাও জানান রক্সি। বিশেষ করে দক্ষিণ এশীয় কমিউনিটির মধ্যে খাদ্যাভ্যাস, প্রদাহ এবং দীর্ঘমেয়াদি স্বাস্থ্যের সম্পর্ক নিয়ে সচেতনতা তৈরি করতে চান। রক্সি বলেন, ‘আমাদের প্রিয় ঐতিহ্যবাহী খাবারগুলোকে আরও স্বাস্থ্যকরভাবে উপস্থাপন করা সম্ভব। আমি চাই, মানুষ নিজেদের সাংস্কৃতিক পরিচয় অক্ষুণ্ন রেখেই সচেতন খাদ্যাভ্যাস গড়ে তুলুক।’



