প্লাস্টিকের বোতল: পরিবেশের জন্য দীর্ঘস্থায়ী অভিশাপ
প্লাস্টিক বোতল: পরিবেশের দীর্ঘস্থায়ী অভিশাপ

প্লাস্টিকের পানির বোতল মানবসৃষ্ট অন্যতম দীর্ঘস্থায়ী বস্তু। ৫০ বছরের কিছু বেশি আগে আবিষ্কৃত এই বোতল এখন পরিবেশের জন্য এক ভয়াবহ অভিশাপ। ১৯৭৩ সালে ডুপন্টের প্রকৌশলী নাথানিয়েল ওয়ায়েথ স্বচ্ছ পিইটি বোতলের পেটেন্ট নেন। হালকা, টেকসই ও সস্তায় উৎপাদনের কারণে এক দশকের মধ্যেই এটি বিশ্বব্যাপী কাচের বোতলের জায়গা দখল করে নেয়। বর্তমানে প্রতি মিনিটে ১০ লাখের বেশি পিইটি বোতল তৈরি হচ্ছে।

প্লাস্টিকের পচন প্রক্রিয়া

সাধারণত বলা হয়, একটি প্লাস্টিকের বোতল প্রাকৃতিকভাবে পচতে প্রায় ৪৫০ বছর সময় নেয়। তবে এই হিসাব ল্যাবরেটরির নিয়ন্ত্রিত পরিবেশের ওপর ভিত্তি করে। যেহেতু পিইটি প্লাস্টিকের বয়স মাত্র ৫০ বছর, তাই কোনো বোতলকে পুরোপুরি পচন চক্র শেষ করতে দেখা যায়নি। তবে নিশ্চিত যে, কলার খোসা বা কাগজের মতো প্লাস্টিক প্রকৃতিতে মিশে যায় না; বরং রূপ পরিবর্তন করে ক্ষতিকর আকার ধারণ করে।

প্রাকৃতিক উপাদান বনাম কৃত্রিম পলিমার

কাঠ, তুলা বা কাগজের মতো প্রাকৃতিক উপাদান ব্যাকটেরিয়া ও ছত্রাক সহজেই ভেঙে ফেলতে পারে। কিন্তু পিইটির মতো কৃত্রিম পলিমারের জন্য প্রকৃতিতে কোনো অণুজীব নেই। সূর্যের আলো, তাপ ও বাতাসের ঘর্ষণে বোতলগুলো ভঙ্গুর হয়ে মাইক্রোপ্লাস্টিকে (৫ মিলিমিটারের চেয়ে ছোট) এবং শেষ পর্যন্ত ন্যানোপ্লাস্টিকে রূপ নেয়। প্লাস্টিক অদৃশ্য হয় না, বরং কোটি কোটি ক্ষুদ্র কণা হয়ে বাতাসে, মাটিতে ও পানিতে মিশে যায়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্বের দুর্গম এলাকায় প্লাস্টিকের উপস্থিতি

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, প্লাস্টিক কণা পৃথিবীর সবচেয়ে দুর্গম এলাকায় পৌঁছে গেছে। আলফ্রেড ওয়েগেনার ইনস্টিটিউটের গবেষকরা গ্রিনল্যান্ড ও স্যালবার্ডের মধ্যবর্তী ফ্রাম স্ট্রেইটের বরফ, সুইজারল্যান্ডের আল্পস পর্বত ও জার্মানির তুষার পরীক্ষা করে দেখেছেন, মানুষের বসতি থেকে হাজার হাজার কিলোমিটার দূরে আর্কটিকের উচ্চ অঞ্চলের প্রায় প্রতিটি তুষারের নমুনায় মাইক্রোপ্লাস্টিক কণা রয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বায়ুমণ্ডলের মাধ্যমে ছড়িয়ে পড়া

বিজ্ঞানীদের ধারণা, বাতাসের প্রবাহের মাধ্যমে এই কণাগুলো দূরদূরান্তে ছড়িয়ে পড়ে। ফ্রান্সের পাইরেনিস পর্বতের পর্যবেক্ষণকেন্দ্রে দেখা গেছে, নিকটবর্তী শহর থেকে ১০০ কিলোমিটার দূরে হওয়া সত্ত্বেও প্রতিদিন প্রতি বর্গমিটারে গড়ে প্রায় ৩৬৫টি মাইক্রোপ্লাস্টিক কণা তুষার ও বৃষ্টির সঙ্গে ঝরে পড়ছে। বাতাসের গতিপ্রকৃতি বিশ্লেষণ করে দেখা গেছে, এই কণাগুলো থিতু হওয়ার আগে অন্তত ৯৫ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে।

সমুদ্রের তলদেশেও প্লাস্টিক

প্লাস্টিকের বিস্তার কেবল ওপরের দিকেই নয়, সমুদ্রের তলদেশ পর্যন্ত পৌঁছে গেছে। প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চসহ ৬টি গভীরতম সামুদ্রিক খাত থেকে সংগৃহীত অ্যামফিপডের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, মারিয়ানা ট্রেঞ্চের তলদেশ থেকে উদ্ধার করা শতভাগ জীবের পরিপাকতন্ত্রে নাইলন, পলিথিন ও পিভিসির মতো ক্ষতিকর প্লাস্টিক কণা রয়েছে।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া