ছয় বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে সোমবার
ছয় বিভাগে ভারী বৃষ্টি, বাড়তে পারে সোমবার

দেশের ছয় বিভাগের কিছু স্থানে আজ শনিবার ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। গতকাল শুক্রবারের চেয়ে আজ বৃষ্টি খানিকটা বাড়তে পারে। তবে আগামীকাল রোববার বৃষ্টি আবার কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী সপ্তাহে বৃষ্টি বাড়ার সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তরের সূত্র জানিয়েছে, আগামী সোম ও মঙ্গলবার বৃষ্টি বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় ঢাকায় ৫১ মিলিমিটার। এ ছাড়া কুড়িগ্রামের রাজারহাটে ৪৩ মিলিমিটার বৃষ্টি হয়।

আবহাওয়াবিদের ব্যাখ্যা

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর গতকাল রাতে জানান, দেশের ভেতরে যে মেঘমালার সৃষ্টি হয়েছে, এর প্রভাবে আজও বৃষ্টি হতে পারে। এর মধ্যে ময়মনসিংহ, সিলেট, বরিশাল, খুলনা, চট্টগ্রাম ও রংপুর বিভাগের কোনো কোনো স্থানে ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

যদি কোনো এলাকায় ৪৪ মিলিমিটার থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হয়, তবে তাকে ভারী বৃষ্টি বলা হয়। আর বৃষ্টির পরিমাণ ৮৮ মিলিমিটারের বেশি হলে তা অতিভারী বৃষ্টি হিসেবে গণ্য হয়।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর আরও জানান, এক সপ্তাহের বেশি সময় ধরে তাপপ্রবাহের পর দেশের বিভিন্ন স্থানে গত রোববার বৃষ্টি শুরু হয়। দুই দিন বিরতির পর মঙ্গলবার থেকে বৃষ্টি আরও বাড়ে। কোনো কোনো স্থানে ১০০ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়। যেমন পটুয়াখালীর খেপুপাড়ায় ১২১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। টানা বৃষ্টি ও উজানের পানির তোড়ে বিশেষ করে দেশের উত্তর-পূর্বাঞ্চলে কয়েকটি নদীর পানি বেড়ে যায়।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবীর বলেন, আজ ঢাকা ও রাজশাহী বিভাগে অপেক্ষাকৃত কম বৃষ্টি হতে পারে। রাজধানীতে দুপুরের দিকে সামান্য বৃষ্টি হতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ