ঘন কালো মেঘে ছেয়ে যায় রাজধানীর আকাশ। এরপর শুরু হয় তুমুল বৃষ্টি, সঙ্গে দমকা হাওয়া। সোমবার (২৫ মে) বেলা ১১টার পর শুরু হওয়া এই বৃষ্টিতে রাজধানীর অনেক জায়গায় পানি জমে ভোগান্তি সৃষ্টি হয়। বিশেষ করে অলিগলিতে পানি জমে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন ঘটে। টানা বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। অনেক সড়কে পানি জমে যান চলাচল ধীর হয়ে পড়ে। সাধারণ শ্রমজীবী মানুষ ও পথচারীদের দুর্ভোগে পড়তে দেখা যায়। নিচু এলাকার বিভিন্ন সড়কে হাঁটুসমান পানি জমার খবর পাওয়া গেছে।
ভোগান্তির বিবরণ
সরকারি ছুটি থাকায় স্কুল-কলেজ ও সরকারি অফিস বন্ধ থাকায় সেদিক দিয়ে ভোগান্তি কম হলেও বেসরকারি অফিস খোলা থাকায় অনেককে ভোগান্তির মধ্যে পড়তে দেখা যায়। এদিকে ঈদে বাড়িতে যাওয়ার জন্য বের হওয়া মানুষও বিপদে পড়েন। বৃষ্টির কারণে রাস্তায় যানজট সৃষ্টি হয়, ফলে সময়মতো গন্তব্যে পৌঁছানো কষ্টসাধ্য হয়ে ওঠে। পথচারীরা ছাতা ও রেইনকোট ব্যবহার করেও ভিজে যান।
আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির প্রবণতা বাড়ছে। আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।



