সিলেটে হজরত শাহজালাল মাজারের দানবাক্সের টাকা দ্বিতীয়বার প্রকাশ্যে গণনা
সিলেটে মাজারের দানবাক্সের টাকা দ্বিতীয়বার প্রকাশ্যে গণনা

সিলেটের ঐতিহ্যবাহী হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা শনিবার দ্বিতীয়বারের মতো প্রকাশ্যে গণনা করা হবে। প্রথমবার প্রকাশ্যে গণনার ১৯ দিনের ব্যবধানে আজ এই কার্যক্রম অনুষ্ঠিত হচ্ছে।

উচ্চপর্যায়ের কমিটির সিদ্ধান্ত

মাজারের আয়-ব্যয় ব্যবস্থাপনা নির্ধারণে গঠিত উচ্চপর্যায়ের কমিটির সিদ্ধান্ত অনুযায়ী শনিবার সকাল ১০টা থেকে মাজার প্রাঙ্গণের উন্মুক্ত স্থানে এই টাকা গণনা শুরু হবে। এর আগে গত পরশু বৃহস্পতিবার বিকালে সিলেট সার্কিট হাউসে এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন কমিটির সদস্য ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। সভায় মাজার, মসজিদ ও মাদ্রাসা পরিচালনা এবং আর্থিক ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা শেষে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে বেশ কয়েকটি প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতকরণ

সিসিক প্রশাসক জানান, কমিটির সদস্য, মাজার কর্তৃপক্ষ, মাদ্রাসার শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এ কার্যক্রম পরিচালিত হবে। গণনা শেষে সংগৃহীত অর্থ জেলা প্রশাসকের নামে নির্ধারিত সোনালী ব্যাংকের হিসাবে জমা রাখা হবে।

কমিটির সদস্য সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী জানান, দরগাহ, মসজিদ ও মাদ্রাসার কার্যক্রমে কিভাবে আরও স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়- সেই বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে।

পূর্ববর্তী উদ্যোগ ও বর্তমান কমিটি

উল্লেখ্য, গত ১২ জুন সিলেটের সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম মাজারের আয়-ব্যয়ে স্বচ্ছতা আনার উদ্যোগ নেন। তারই অংশ হিসেবে গত ১৮ জুন মাজারে নতুন চারটি দানবাক্স স্থাপন এবং ঐতিহাসিক তিনটি দানের ডেক সিলগালা করা হয়। পরবর্তীতে গত ২২ জুন ৭শ বছরের প্রথা ভেঙে মাজারের ঐতিহাসিক ডেক ও দানবাক্স খোলা হয়েছিল। সেদিন গণনা শেষে মোট ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা পাওয়া যায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এ উদ্যোগ নিয়ে নানা আলোচনা-সমালোচনার মধ্যে তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর গত ২৬ জুন বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরকে প্রধান করে ১১ সদস্যের এ উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত ব্যক্তিবর্গ

বৃহস্পতিবার সভায় আরও উপস্থিত ছিলেন- সিলেটের বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, কমিটির সদস্য সচিব ও সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা, পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক, শাহজালাল দরগাহ শরীফের সরেকওম ফতেহ উল্লাহ আল আমান, খাদেম মুফতি রায়হান উদ্দিন মুন্না, দরগাহ জামে মসজিদের সেক্রেটারি মুফতি এমএ হাসান এবং জামেয়া কাসিমুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মাসুক উদ্দিন।