নতুন বছর এলেও অনেকের আর্থিক অবস্থা একই রকম টানাটানিতে থাকে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়তে থাকায় মাসের শেষের দিনগুলো যেন কাটতেই চায় না। ফলে সঞ্চয় করাও কঠিন হয়ে পড়ে।
অনেকেই ভাবেন সঞ্চয় করতে হলে প্রিয় খাবার বা পছন্দের জিনিস কেনা বন্ধ করতে হবে। কিন্তু বাস্তবে সঞ্চয় মানেই নিজের সব আনন্দ থেকে দূরে থাকা নয়। আর্থিক বিশেষজ্ঞদের মতে, একটু পরিকল্পনা আর কিছু অভ্যাস বদলালেই চাপ ছাড়াই টাকা জমানো সম্ভব। তারা তিনটি সহজ কৌশলের কথা বলেছেন—
১. খরচ কমানো নয়, সঞ্চয়ের লক্ষ্য ঠিক করুন
অনেকে সঞ্চয় শুরু করতে গিয়ে হঠাৎ করে সব খরচ কমানোর সিদ্ধান্ত নেন, যেমন বাইরে খাওয়া বন্ধ বা নতুন কিছু না কেনা। কিন্তু এসব সিদ্ধান্ত বেশিদিন টেকে না। তার বদলে নির্দিষ্ট একটি সঞ্চয়ের লক্ষ্য ঠিক করা ভালো। যেমন প্রতি সপ্তাহে ৫০০ টাকা বা মাসে কমপক্ষে ২০০০ টাকা জমাবেন—এভাবে আগে সঞ্চয়ের টাকা আলাদা করে রাখলে ধারাবাহিকতা বজায় থাকে এবং মানসিক চাপও কম হয়।
২. সঞ্চয়কে বিলের মতো গুরুত্ব দিন
যেভাবে আমরা নিয়মিত বিদ্যুৎ বা ইন্টারনেট বিল দিই, ঠিক তেমনই সঞ্চয়কেও একটি জরুরি খরচ হিসেবে ধরতে হবে। প্রতি মাসে নির্দিষ্ট একটি পরিমাণ ঠিক করে বেতন পেলেই সেটি আলাদা অ্যাকাউন্টে পাঠিয়ে দিন। এতে খরচের আগেই সঞ্চয় হয়ে যাবে। সম্ভব হলে এই টাকা বেশি সুদ পাওয়া যায় এমন অ্যাকাউন্টে রাখলে ধীরে ধীরে তা বাড়বে।
৩. ক্যাশব্যাক ও অফার ব্যবহার করুন
প্রতিদিনের কেনাকাটায় অনেক সময় ক্যাশব্যাক বা রিওয়ার্ড পাওয়ার সুযোগ থাকে, যা অনেকেই কাজে লাগান না। এসব অফার ব্যবহার করলে খরচের একটি অংশ ফেরত পাওয়া যায়। ছোট ছোট এই সঞ্চয়গুলো নিয়মিত জমালে একসময় ভালো পরিমাণ হয়ে দাঁড়ায়।
তাই বলা যায়, সঞ্চয় করার জন্য বড় আয় বা কঠোর জীবনযাপন জরুরি নয়। বরং সচেতন পরিকল্পনা ও কিছু সহজ অভ্যাস গড়ে তুললেই নিজের সামর্থ্যের মধ্যেই টাকা জমানো সম্ভব।



