ফেসবুক পোস্টে বদলে গেল এতিম জান্নাতির জীবন, জাঁকজমকপূর্ণ বিয়ে
ফেসবুক পোস্টে বদলে গেল এতিম মেয়ের জীবন

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার প্রত্যন্ত কলাগাছি গ্রামের এতিম তরুণী জান্নাতি খাতুনের জীবন বদলে দিয়েছে একটি ফেসবুক পোস্ট। অর্থাভাবে আটকে থাকা তার বিয়ে শুক্রবার জাঁকজমকপূর্ণ আয়োজনে সম্পন্ন হয়েছে। দেশ-বিদেশের অসংখ্য মানুষের সহায়তায় এই সম্ভব হয়েছে।

জান্নাতির কষ্টের শুরু

মাত্র দুই মাস বয়সে বাবা, এরপর কিছুদিনের মধ্যেই মাকে হারান জান্নাতি। এরপর থেকে তিনি বড় হন ভ্যানচালক নানা আব্দুল হক ও গৃহিণী নানি সুন্দরী বেগমের অভাবের সংসারে। ছোটবেলা থেকেই না-পাওয়ার কষ্ট ছিল তার নিত্যসঙ্গী। বয়স বাড়ার সঙ্গে বিয়ের সম্বন্ধ এলেও অর্থের অভাবে বারবার পিছিয়ে যায় আয়োজন।

ফেসবুক পোস্টে সাড়া

এমন অনিশ্চয়তার মধ্যে পাশে দাঁড়ান সমাজকর্মী মামুন বিশ্বাস। তিনি নিজের ফেসবুক আইডিতে জান্নাতির অসহায় জীবনের গল্প তুলে ধরে সহায়তার আবেদন জানান। সেই একটি পোস্ট ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে এগিয়ে আসেন অসংখ্য হৃদয়বান মানুষ। তাদের পাঠানো প্রায় এক লাখ টাকার সহায়তায় আর থেমে থাকেনি জান্নাতির স্বপ্ন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

জাঁকজমকপূর্ণ বিয়ে

রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসি গ্রামের ফিরোজ শেখের সঙ্গে সম্পন্ন হয় এতিম এই তরুণীর বিয়ে। বিয়েতে কোনো কিছুরই কমতি ছিল না। সুদৃশ্য গেট, রঙিন প্যান্ডেল, অতিথিদের জন্য বাহারি খাবারের আয়োজন—সব মিলিয়ে যেন উৎসবের আমেজ। পার্লার থেকে কনে সাজানো, খাবার, উপহার, ডেকোরেশন ছিল চোখে পড়ার মতো।

নানা আব্দুল হক ও নানি সুন্দরী বেগম জানান, "অভাবের কারণে নাতনির কোনো ইচ্ছাই পূরণ করতে পারিনি। সবচেয়ে বড় কষ্ট ছিল বিয়ের খরচ জোগাড় করতে না পারা। কিন্তু অচেনা মানুষের ভালোবাসা আমাদের কষ্টকে আনন্দে পরিণত করেছে।"

স্বেচ্ছাসেবক তারেক শাহরিয়ার বলেন, "একটি ফেসবুক পোস্ট, কিছু মানুষের আন্তরিকতা আর সামান্য সহযোগিতা, এতেই বদলে যেতে পারে একটি অসহায় মানুষের জীবন, এটি যেন আবারও প্রমাণ হলো।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিয়ের উদ্যোক্তা সমাজকর্মী মামুন বিশ্বাস জানান, "জান্নাতি খাতুনের বিয়ে অন্য দশটি বিয়ের মতোই জাঁকজমকপূর্ণভাবে হয়েছে। এটা শুধু একটি পারিবারিক আয়োজন নয়, এটি মানবিকতা, সামাজিক দায়বদ্ধতা এবং সম্মিলিত উদ্যোগের এক অনন্য দৃষ্টান্ত।"

নতুন জীবনের শুরু

নতুন জীবনের শুরুতে এখন আর কোনো অভিযোগ নেই জান্নাতির। সুখের সংসার গড়তে সবার দোয়া চান তিনি। স্ত্রীকে ভালো রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বামী ফিরোজ শেখও। স্থানীয় কাজি জানান, "বহু বিয়ে দেখেছি, তবে এতিম জান্নাতির বিয়ে ছিল ব্যতিক্রম। কোনো কিছুরই কমতি ছিল না।"